জানুয়ারি ৯ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- প্রথমবারের মত চলচ্চিত্রের জন্য জুটিবদ্ধ হয়ে গান করলেন কুমার বিশ্বজিৎ ও মমতাজ। পিএ কাজল পরিচালিত 'বড় বাড়ির জামাই' ছবির একটি গানে কণ্ঠ দেন এই দুই শিল্পী। গানের শিরোনাম 'আজ দু'জনে হবো শুধু দু'জনার'।
৯ জানুয়ারি বিকাল তিনটায় রাজধানীর কাকরাইলে ইকিউ রেকর্ডিং স্টুডিওতে ধারণ করা হয় এই গান।
রোমান্টিক এই গানটির সুর ও সঙ্গীত করেছেন মোস্তাক আহমেদ। লিখেছেন মনিরুজ্জামান মনির।
এ প্রসঙ্গে কুমার বিশ্বজিৎ বলেন, "দেশে বিদেশে অসংখ্যবার মমতাজের সঙ্গে একই মঞ্চে গান করেছি। তবে আমাদের কোন দ্বৈত সঙ্গীত কোন রেকর্র্ডিং স্টুডিওতে ধারণ করা হয়নি। পরিচালক পিএ কাজল আমাদের একসঙ্গে এই গানটি করার জন্য অনুরোধ করেন। সঙ্গীত আর গানের কথা পছন্দ হয়ে যায়। তাই গানটি করলাম।"
এছাড়াও কুমার বিশ্বজিৎ একটি রবীন্দ্রসঙ্গীতের অ্যালবাম করেছেন। কাজ শেষ। কয়েকদিন পরই অ্যালবামটি মুক্তি পাবে বলে জানান তিনি। এটা হবে কুমার বিশ্বজিতের গাওয়া প্রথম রবীন্দ্রসঙ্গীতের অ্যালবাম।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এনএ/ওএস/এমআইআর/১৯৫২ঘ.
bdnews24