জানুয়ারি ৯ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- ভারতের উত্তর প্রদেশের মূখ্যমন্ত্রী মায়াবতীর অপ্রীতিকর মন্তব্যের জের ধরে তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রি এখন উত্তপ্ত। ৪৮ ঘন্টার মধ্যে মায়াবতীকে ক্ষমা চাইতে হবে- চলচ্চিত্র নির্মাতারা সংবাদ সম্মেলন করে এ দাবির কথা জানিয়েছেন। খবর ভারতীয় ওয়েবসাইটের।
তেলেগু তারকা চিরঞ্জীব অন্ধ্র প্রদেশের রাজনীতিতে যোগদান করতে যাচ্ছেন শিঘ্রই, বিশেষ করে মায়াবতীর দল বিএসপি-র (বহুজন সমাজ পার্টি) স্থানীয় নেতাদের সঙ্গে তার ছোট ভাই পবন কল্যাণও এ নিয়ে আলাপ করেছে। এমন আভাস পাওয়ার পর মায়াবতী তারকাদের দেশ সেবা নিয়ে সন্দেহ প্রকাশ করে এক জনসভায় বলে বসেন যে তারকারা নাচ-গান ছাড়া আর কিছুই পারে না। তার দলে কোন চলচ্চিত্র তারকার জায়গা হবে না বলে ঘোষণা করেন তিনি।
মায়াবতীর মন্তব্যে শুধু তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রিই নয়, ক্ষেপে গেছে চিরঞ্জীবের ভক্তেরাও। শুধু তারকা হিসেবে নয়, সামাজিক কর্মকান্ডের জন্যও তার যথেষ্ট সুনাম আছে। ব্যক্তিগত উদ্যোগে এই তারকা ব্লাড ব্যাংক ও আই ব্যাংক চালু করেছেন।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসএস/এমআইআর/
bdnews24