জানুয়ারি ৭ (বিডিনিউজটুুুুয়েন্টিফোরডটকম) -- মুম্বাইতে নববর্ষের দিন দুজন নারী নিগৃহীত হওয়ার ঘটনাকে তীব্র ভাষায় নিন্দা জানিয়েছেন বলিউড অভিনেত্রীরা। তারা মুম্বাইকে নারীদের জন্য আর মোটেও নিরাপদ ভাবছেন না বলে মত প্রকাশ করেছেন। খবর ভারতীয় একটি ওয়েবসাইটের।
নববর্ষের প্রাক্কালে মুম্বাইয়ের জুহু এলাকার জে ডব্লিউ ম্যারিয়ট হোটেল থেকে ওই দুই নারী বেরিয়ে আসার সময় ৭০/৮০ জন পুরুষ তাদের নিগৃহীত করে। এর কিছুক্ষণ পরই সহকারি পুলিশ কমিশনার (ট্রাফিক) অমরজিৎ সিং সেখানে পৌঁছান।
হিন্দুস্তান টাইমস এর দুই ফটো সাংবাদিকের তোলা ছবির ভিত্তিতে ওই ঘটনার জন্য ১৪ জনকে দোষী সাব্যস্ত করা হয়েছে।
এ ব্যাপারে বলিউড তারকারা ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তাদের কয়েক জনের বক্তব্য এখানে দেয়া হলো।
শাবানা আজমী: এ ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের শাস্তি দাবি করছি। নারীর প্রতি এরকম অবমাননা সভ্য সমাজে কোনভাবেই কাম্য নয়। কারণ মুম্বাই একটি নিরাপদ শহর- এ ধারনা নিয়েই আমরা সবাই বড় হয়েছি। এটি সংক্রামক হিসেবে ছড়িয়ে পড়ার আগেই এর প্রতিরোধ করা উচিত।
সুস্মিতা সেন ঃ এটি অবশ্যই ঘৃণ্য একটি কাজ। যারা এ কাজ করেছে তারা মানুষ নয়, পশু। এটি শুধু মুম্বাইয়ের চিত্র নয়। সব জায়গাতেই এ সমস্যা রয়েছে। যারা এ কাজ করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। আর যারা এর শিকার হয়েছেন তাদের জন্য আমি সমবেদনা জানাই।
মালাইকা অরোরা ঃ আমি সবসময় মনে করতাম মুম্বাই নারীদের জন্য নিরাপদ শহর। কিন্ত আদৌ মুম্বাই আর এ রকম নেই।
হেমা মালিনী ঃ আমার ধারনা ছিলো মুম্বাই বিশ্বের সবচেয়ে নিরাপদ শহর। এখন মনে হচ্ছে ধারনাটি ভুল। এরপর থেকে সবাইকে সাবধানে চলাফেরা করতে বলব। আর দোষীদের জনসমক্ষে বিচার হওয়া উচিত।
বিপাশা বসু, অমৃতা অরোরা, রাভিনা ট্যান্ডন সহ প্রায় সব তারকাই এ ব্যাপারে অভিন্ন মতামত দিয়েছেন।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমডিএস/ওএস/এমআইআর/ ১৯৩৮ ঘ.
bdnews24