জানুয়ারি ৬ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) --- ৬ বছর পর তপন চৌধুরীর একক অ্যালবাম প্রকাশিত হতে যাচ্ছে। ১৪ ফেব্র"য়ারি ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে প্রকাশিত হবে এটি। এ পর্যন্ত তার ১৫টি একক অ্যালবাম প্রকাশিত হয়েছে।
বেঙ্গল ফাউন্ডেশন থেকে প্রকাশিতব্য এই অ্যালবামের নাম এখনো ঠিক হয়নি। তবে অ্যালবামের কাজ সম্পূর্ণ শেষ। গেল কোরবানীর ঈদের আগে তিনি ঢাকায় এসে এই অ্যালবামের কাজ শেষ করে যান। বর্তমানে তিনি সপরিবারে কানাডায় অবস্থান করছেন।
অ্যালবামটিতে সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন নন্দিত গায়ক সুবীর নন্দী, রেনেসা ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য নকীব খান এবং তরুণ সঙ্গীত পরিচালক উজ্জল সিনহা। গান লিখেছেন আসিফ ইকবাল, কবির বকুল, মিলন খান ও মারুফ আহমেদ।
এতে স্থান পেয়েছে রোমান্টিক, স্যাড রোমান্টিক, আধুনিক ও লোকগীতি ধরণের গান।
২০০২ সালের জুন মাসে তপন চৌধুরীর সর্বশেষ অ্যালবাম 'স্মৃতির পাতায় তুমি' প্রকাশিত হয়। এরপর বিচ্ছিন্ন ভাবে কয়েকটি দ্বৈত ও মিশ্র অ্যালবামে গান করেন তিনি। তবে প্রবাসে বসবাসের কারণে একক অ্যালবামের কাজ করতে পারেন নি।
তপন চৌধুরী জানান, "২০০৭ সালে নভেম্বরে ছুটিতে দেশে আসলে বেঙ্গল মিউজিক আমার একক অ্যালবাম প্রকাশের আগ্রহ দেখায়। সে জন্যই এবার একক অ্যালবামের কাজে হাত দিলাম।"
তপনের আলোচিত অ্যালবামগুলি হলো 'আমার পৃথিবী', 'পলাশ ফুটেছে', 'ডায়েরির পাতাগুলো', 'তুমি নীলাকাশ', 'তোমার জন্য', 'অনুশোচনা', 'নিঃশ্বাসে তুমি বিশ্বাসে তুমি' এবং 'স্মৃতির পাতায়'।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এনএ/ওএস/এমআইআর/ ২০৪৯ ঘ.
bdnews24