২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বলিউড খুবই বিরক্তিকর, একঘেয়ে : আদুর গোপালকৃষ্ণান

ভারতের বিখ্যাত চলচ্চিত্রকার আদুর গোপালকৃষ্ণান তরুন সমাজকে 'কলুষিত' করার জন্য ভারতের বিভিন্ন চ্যানেলের সিরিয়ালগুলোকে দায়ী করেন। তিনি বলিউডের ছবিগুলোকে 'অগভীর' বলে মন্তব্য করেন। খবর ভারতীয় ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2008, 02:23 PM

Updated : 26 Aug 2022, 01:09 PM

জানুয়ারি ৫ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- ভারতের বিখ্যাত চলচ্চিত্রকার আদুর গোপালকৃষ্ণান তরুন সমাজকে 'কলুষিত' করার জন্য ভারতের বিভিন্ন চ্যানেলের সিরিয়ালগুলোকে দায়ী করেন। তিনি বলিউডের ছবিগুলোকে 'অগভীর' বলে মন্তব্য করেন। খবর ভারতীয় ওয়েবসাইটের। খ্যাতিমান এই চলচ্চিত্রকার বলেন যে, তরুন প্রজন্ম টেলিভিশন দেখে বেড়ে ওঠে। এবং তারা ভারতীয় টেলিভিশন চ্যানেল থেকে 'ভয়ংকর বাজে শিক্ষা' নিয়ে বড় হচ্ছে। ব্যাঙ্গালুরু ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। আদুর বলেন যে, টেলিভিশনের আগ্রাসনের আগে চলচ্চিত্রের দর্শকরা ছবি থেকে কিছু প্রত্যাশা করত। কিন্তু টেলিভিশনের কারণে বিনোদনের নামে আজেবাজে জিনিস দেখে অভ্যস্ত হয়ে পরেছে তারা। টেলিভিশনের কারণে চলচ্চিত্রের দর্শক কমে যাচ্ছে কিনা জানতে চাইলে পরিচালক বলেন, "টেলিভিশন বাজে ছবির জন্য বাজে দর্শক তৈরি করছে।" বলিউডের ছবি সম্পর্কে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, "ওরা বলে যে তাদের ছবি বিনোদন দেয়। কিন্তু আদতে এগুলো চরম বিরক্তিকর।" বলিউডের বিনোদন দেবার ধরনকে প্রশ্নবিদ্ধ করে তিনি বলেন যে, তার মতে একজন চলচ্চিত্রকার এমন ছবি বানাবেন যা দেখে দর্শক জীবন সম্পর্কে কিছু জানবেন, শিখবেন এবং নতুন অভিজ্ঞতা লাভ করবেন। তার ভাষায়, বলিউড চলচ্চিত্রের বিনোদন হলো "ভাসা-ভাসা, নিজের শরীরের ক্ষত সামান্য খুঁচিয়ে আনন্দ পাওয়ার মতো।" চলচিত্র তারকাদের উপর অহেতুক লেখালেখি করার কারণে গণমাধ্যমেরও সমালোচনা করেন আদুর। তিনি বলেন, "আগে তারকাদের পাশাপাশি চলচ্চিত্রকারদের নিয়েও লেখালেখি হতো। কিন্ত এখন পত্রিকার পাতা খুললে কেবল তারকাদের নিয়েই যতো লেখালেখি।" বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমআইআর/২০১৭ ঘ