জানুয়ারি ৫ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- পেয়ার কিয়াতো ডারনা কিয়া - 'মুঘল-এ-আযম' এর সেই বিখ্যাত গান আর মধুবালার নাচের কথা বোধ করি অনেকেরই মনে এখনো দোলা দেয়। বহু বছর পর আবারো গানটির সঙ্গে নাচতে আসছেন আরেক অভিনেত্রী মল্লিকা শেরওয়াত। খবর ভারতীয় ওয়েবসাইটের।
খুব শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে মল্লিকার নতুন ছবি 'মান গ্যায়ে মুঘল-এ-আযম'। আর এই ছবিতেই তাকে জনপ্রিয় গানটির সঙ্গে নৃত্য করতে দেখা যাবে। রতন জৈনের প্রযোজনায় এই কমেডি ছবিটি পরিচালনা করেছেন সঞ্জয় চেল।
৬০ এর দশকে নির্মিত আসল 'মুঘল-এ-আযম'এর সাথে নতুন এই কমেডির ছবির মিল পাওয়া যাবে দুটো জায়গায়। একটি হচ্ছে নামে আর অন্যটি হচেছ গানে।
নতুন ঢংয়ে এই কালজয়ী গানটিকে ঢেলে সাজিয়েছে অনু মালিক। তিনি বলেন ' পেয়ার কিয়া তো ডরনা কিয়া গানটি হচ্ছে ভারতীয় চলচ্চিত্র ইতিহাসের অন্যতম সুরেলা একটি গান। এটাকে যে যেভাবেই সাজানো হোক না কেন, তা দিয়ে কখনোই আসল গান বা নাচকে ছাড়িয়ে যাওয়া সম্ভব নয়।"
'পেয়ার কিয়া তো ডরনা কিয়া' গানটি মধুবালার নৃত্যের মাধ্যমে হয়েছে অমর। এখন দেখা যাক এই সময়ের মল্লিকা গানটিকে কোথায় নিয়ে যান।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসএস/ওএস/এমআইআর/ ২০০২ ঘ.
bdnews24