জানুয়ারি ৩ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- ভারতে গোপনে এক ব্যক্তিগত সফরে এসেছিলেন পপ গায়িকা ম্যাডোনা। তার এই সফরের কথা গণমাধ্যমে ফাঁস হয়ে যাওয়ায় তিনি খুব ক্ষুদ্ধ হয়েছেন। খবর ভারতীয় ওয়েবসাইটের।
৪৯ বছর বয়স্কা বিখ্যাত পপ গায়িকা ম্যাডোনা স্বামি গাই রিচির সঙ্গে ব্যক্তিগত সফরে ভারতে এসেছেন এ সপ্তাহে। সঙ্গে তাদের ছেলে এবং ৫ বন্ধু রয়েছেন।
মালদ্বীপ থেকে নববর্ষের প্রাক্কালে তারা ভারতের যোধপুরে এসে পৌঁছান।
এটি একেবারেই তাদের ব্যক্তিগত সফর। তিনি কোনো কাজের উদ্দেশ্যে ভারত সফর করছেন না। এবং যথারীতি তিনি সাধারণ লোকজনের কৌতুহলের বাইরে থাকতে চেয়েছিলেন। এ কারণে তিনি তার ড্রাইভার ও গাড়িও বদলে নিয়েছিলেন।
কিন্তু গণমাধ্যমে তার সফরের কথা প্রকাশ পাওয়ার পর সেটি কঠিন হয়ে দাড়িয়েছে।
ম্যাডোনা এর মধ্যে রাজস্থানের এক খামার বাড়িতে গান শুনে এবং ঐতিহ্যবাহী নাচ দেখে সময় কাটিয়েছেন। তিনি ঘোড়ায় চড়ে ঘুরে বেড়ান ও গ্রামবাসীদের সঙ্গে দেখা করেন।
রাজস্থানী খাবারও উপভোগ করেছেন এই পশ্চিমা তারকা। তিনি যোধপুরের শাসক মহারাজ দ্বিতীয় গজ সিংজি'র সঙ্গে মধ্যাহ্নভোজেও অংশ নেন।
জয়সলমীর এবং উদয়পুর দর্শন শেষে ম্যাডোনা মুম্বাই সফর করার কথা ছিল তার। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে তিনি জয়সলমীর সফর বাতিল করেছেন।
মুম্বাইতে অবস্থানকালে ম্যাডোনা দক্ষিন মুম্বাইয়ের একটি পাঁচ তারকা হোটেলে অবস্থান করার কথা। তিনি হোটেলটির পুরো একটি ফ্লোর ভাড়া করেছেন। তার নিরাপত্তার দায়িত্বে থাকবে ইসরায়েল থেকে আনা একটি নিরাপত্তা বিশেষজ্ঞ দল।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমডিএস/এমআইআর/১৯৩৯ ঘ
bdnews24