জানুয়ারি ২ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম ) -- পাকিস্তানের একটি চলচ্চিত্র কোম্পানি বেনজির ভুট্টোর জীবন কাহিনী নিয়ে একটি ছবি নির্মাণের উদ্যোগ নিয়েছে। ছবি নির্মাণে ব্যাপকভাবে সাহায্য নেওয়া হবে বলিউড পরিচালক মহেশ ভাটের। করাচিভিত্তিক স্কাইজ আনলিমিটেড ফিল্মস জানিয়েছে এ খবর।
ছবির প্রি-প্রডাকশন কাজ শুরু হয়েছে ইতোমধ্যে। বিখ্যাত পাকিস্তানি লেখক ও কবি আকিল আহমেদ রুবি ছবির চিত্রনাট্য লিখছেন।
পৃথিবীর বিভিন্ন দেশে ছবিটি মুক্তি দেওয়া হবে। কোম্পানির একজন প্রযোজক আনিলা খান জানিয়েছেন, মহেশ ভাটের সহযোগিতায় ছবির কাজ সম্পন্ন করা হবে।
খান জানান, "ছবির পরিচালক কে হবেন সেটা খুব শিঘ্রই ঘোষণা করা হবে।" তবে ছবির নাম ভূমিকায় কে অভিনয় করছেন সে ব্যাপারে এখনো কিছু ঠিক হয়নি।
আনিলা বলেন, "এ ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি। খুব বিখ্যাত কোন অভিনেত্রী হতে পারেন, আবার হতে পারেন একেবারেই নতুন কেউ। ছবির কিছু অংশ ভারতে চিত্রায়িত হতে পারে, তবে এটা এখনো পুরোপুরি নিশ্চিত নয়।"
ছবির সহযোগী প্রযোজক হবেন আমির রিজভী এবং ভারতে এর অফিসিয়িাল কো অর্ডিনেটর হবেন ইন্দু মিরানি।
খান জানান, "ছবিটি আন্তর্জাতিকভাবে মুক্তি দেওয়া হবে। এ ছবি নিয়ে আমরা কোন বিতর্ক তৈরি করতে চাই না। এই ছবি করার একমাত্র উদ্দেশ্য বেনজির ভুট্টোর স্মৃতির উদ্দেশ্যে ছবিটি উৎসর্গ করা।"
২৭ ডিসেম্বর এক আত্মঘাতী হামলায় নিহত হন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমআইআর/১৮৫৮ ঘ
bdnews24