সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- অভিনেতার পাশাপাশি পরিচালক হিসেবে ছোট পর্দায় এবারের ঈদ আয়োজনে উপস্থিতি থাকছেন মাহফুজ আহমেদ। তার পরিচালিত টেলিফিল্ম ও নাটক প্রচার করা হবে চ্যানেল আই ও এনটিএন বাংলা'র ঈদ অনুষ্ঠানমালায়।
ঈদে চ্যানেল আইয়ের জন্য মাহফুজ নির্মাণ করেছেন টেলিফিল্ম 'প্রিয় বান্ধবী'। রচিয়তা প্রসূন রহমান। মাহফুজ ও তারিন রয়েছেন টেলিফিল্মটির কেন্দ্রীয় চরিত্রে। জীবন সংগ্রামে হেরে যাওয়া রক্ষিতা আর এক ধনাঢ্য ব্যক্তির অন্যরকম সম্পর্ককে কেন্দ্র করে আর্বতিত হয়েছে টেলিফিল্মটির কাহিনী।
এটিএন বাংলার জন্য এবারের ঈদে প্রথমবারের মতন হুমায়ূন আহমেদের চিত্রনাট্যে নাটক পরিচালনা করলেন মাহফুজ। হুমায়ূন আহমেদের লেখা একক এ নাটকের নাম 'গনি সাহেবের শেষ কিছুদিন'। চাকরি থেকে অবসরপ্রাপ্ত বয়োবৃদ্ধ গনি সাহেবের মৃত্যুর আগে জীবনের শেষ কটি দিনের ঘটনাকে নিয়ে গড়ে ওঠেছে নাটকটির কাহিনী। নাটকে গনি সাহেবের ভূমিকায় অভিনয় করেছেন আবুল হায়াত। নাটকটিতে আরো অভিনয় করেছেন মাহফুজ ও অপি করিম।
ঈদের জন্য নির্মিত দুটি নাটকই মাহফুজের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান বানীচিত্রের ব্যানারে নির্মিত হয়েছে।
নাটক পরিচালনার পাশাপাশি বেশ কিছু নাটকে অভিনয় করছেন মাহফুজ। বিভিন্ন চ্যানেলে ঈদে প্রচারিতব্য এসব নাটকের মধ্যে রয়েছে রাত্রির ফুল (চ্যানেল আই), মন দিল না বধূ (চ্যানেল আই), ফুল একা একা ফোটে (একুশে টিভি) ও চাঁদ ফুল জোৎস্না (চ্যানেল ওয়ান)।
ইতালিতে চিত্রায়িত 'গুডবাই সিনোরিনা' ছিল মাহফুজ পরিচালিত প্রথম একক নাটক। যেটি গত ঈদে চ্যানেল আই এ প্রচারিত হয়েছিল। এরপর একে একে তিনি নির্মাণ করেন টেলিফিল্ম 'তাহারা', '১৩ অক্টোব'র, 'হে বন্ধ'ু ও 'বাতাসের ঘ্রাণ'। জনপ্রিয় ধারাবাহিক 'আমাদের নুরুল হুদা' এর মাধ্যমে মাহফুজ প্রথমবারের মতন ধারাবাহিক নাটক পরিচালনায় আসছেন । নভেম্বর থেকে পরিচালক হিসেবে এ ধারাবাহিক নাটকটির শুটিং শুরু করবেন তিনি।
নাটক পরিচালনা প্রসঙ্গে অভিনেতা ও পরিচালক মাহফুজ আহমেদ বলেন, "আমি পরিচালনায় নতুন, তাই অল্পতে শেষ করতে পারি না। টেলিফিল্মের ব্যাপ্তি বেশি বলে এটি নিয়ে কাজ করতে সুবিধা হয়। পরিচালনায় নিয়মিত হওয়ার জন্য শুরু করেছি - দেখছি, শুনছি, একটু একটু করে আনন্দ পাচ্ছি। একজন লেখক যেমন একটা লেখা লিখে আনন্দ পায়, আমি ঠিক তেমনই আনন্দ পাচ্ছি পরিচালনা করে।"
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসবিটি/এমআইআর/১৭০০ ঘ
bdnews24