সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দরে বেশ অপ্রীতিকর ঘটনার মূখোমুখি হয়েছেন বলিউড তারকা শিল্পা শেঠী। শিল্পা তার মিউজিক শো 'মিস বলিউড' এ অংশ নেয়ার জন্য জার্মানির উদ্দেশ্যে দেশ ত্যাগ করার আগে বিমানবন্দরে কর্মকর্তাদের রূঢ় আচরনের শিকার হন। খবর ভারতীয় একটি ওয়েবসাইটের।
বিমানবন্দর কর্তৃপক্ষ শিল্পার কাছে সুপ্রিম কোর্টের দেয়া দেশের বাইরে ভ্রমণ সংক্রান্ত বৈধ কাগজ পত্র দাবি করলে বচসার সুত্রপাত হয়। শিল্পার মুখপাত্র ভাগবাগার জানান, "বিমানবন্দর কর্তৃপক্ষ শিল্পার ভ্রমণ সংক্রান্ত কাগজ পত্র প্রত্যাখান করেন। কান্নাজড়িত কন্ঠে মাঝরাতে শিল্পা আমাকে ফোন করে। বিমানবন্দরের একজন পরিদর্শক শিল্পার সঙ্গে অত্যন্ত রূঢ় ভাষায় জানান, সুপ্রীম কোর্টের বৈধ প্রমানপত্র ছাড়া তাকে দেশের বাইরে ভ্রমণের অনুমতি দেয়া হবে না।"
শিল্পাও উষ্মা প্রকাশ করে বলেন, "আমিতো কোনো অপরাধ করিনি যে আমাকে সুপ্রিম কোর্টের অনুমতি নিয়ে দেশের বাইরে যেতে হবে। আমি শিল্পী হিসেবে স্রেফ দেশের প্রতিনিধিত্ব করতে দেশের বাইরে যাচ্ছি।"
কিছুদিন আগে দিল্লিতে এইডস সচেতনতা বিষয়ক এক অনুষ্ঠানে হলিউড অভিনেতা রিচার্ড গিয়ার শিল্পাকে চুমু দেয়। এ নিয়ে তখন ভারত জুড়ে তোলপাড় সৃষ্টি হয়। এ সুযোগে বেশ কিছু অতি উৎসাহী শিল্পার বিরুদ্ধে ভারতের বেশ কিছু জায়গায় মামলা ঠুকে দেয়।
এ মামলার প্রেক্ষিতে রাজস্থানের এক আদালত রায় দেয় মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শিল্পা দেশের বাইরে ভ্রমণ করতে পারবেন না। এ মর্মে ভারতের প্রতিটি বিমানবন্দরেও প্রজ্ঞাপন জারি করা হয়। শিল্পা এ আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করলে কোর্ট এ আদেশকে বেআইনি ঘোষনা করে এবং দেশের বাইরে ভ্রমণের অনুমতি দেয়।
বিমানবন্দরে দু'পক্ষের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ের সময় বেশ জটলার সৃষ্টি হয়। এখন শিল্পা বিমানবন্দর কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা ভাবছেন।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমডিএস/এমআইআর/ ১৭০৯ ঘ
bdnews24