মুম্বাই, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/রয়টার্স) -- সঞ্জয় দত্তের জন্য সুখবর, আরো একমাস জেলের বাইরে থাকতে পারবেন তিনি। আদালতের পূর্ব ঘোষনা মোতাবেক ২৭ সেপ্টেম্বর তার জামিনের মেয়াদ শেষ করে ফের কারাগারে যাওয়ার কথা থাকলেও আইনজত জটিলতার কারণে কমপক্ষে আরো একমাস জেলের বাইরে থাকতে পারবেন তিনি। বুধবার দত্তের আইনজীবী জানিয়েছেন এ খবর।
মুম্বাই বোমা হামলার মামলায় অবৈধ অস্ত্র রাখার দায়ে ৬ বছরের সশ্রম কারাদন্ড হয় দত্তের। ৩১ জুলাই থেকে তারা কারাদন্ড কার্যকর হয়। কিন্তু ৩ সপ্তাহ পরেই তিনি জামিনে বের হয়ে আসেন।
১৯৯৩ সালে মুম্বাইয়ের বোমা হামলায় ২৫৭ জন লোক মারা যায়।
মুম্বাইয়ের টাডা কোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করলে সুপ্রিম কোর্ট টাডা কোর্টের রায়ের কপি হাত না পাওয়ার সময়টুকু অব্দি দত্তের জামিন মঞ্জুর করেন।
২৭ তারিখ ওই কপি পাওয়ার কথা থাকলেও তা এখনো সঞ্জয়ের আইনজীবীর হাতে আসেনি। দত্তের আইনজীবী করন সিং রয়টার্সকে বলেন, " অক্টোবরের শেষ নাগাদ আমরা রায়ের কপি পেতে পারি, তার আগে পাওয়ার কোন আশা নেই। ততদিন পর্যন্ত সঞ্জয় জেলের বাইরে থাকতে পারবেন।"
ওই মামলার রায়ের প্রথমদিকের কপিগুলো অক্টোবরের মাঝামাঝি সময়ে ছাড়া হতে পারে। দত্তের রায় হয়েছে সবার শেষে। সে মোতাবেক সবার শেষে তার রায়ের কপিটি আসার কথা।
রায়ের কপি পাওয়ার পর দত্তকে পুনের জেলে ফিরে যেতে হবে।
ওই বোমা হামলার সঙ্গে জড়িত ১০০ জনকে আদালত দোষী সাব্যস্ত করে। এদের মধ্যে ১২ জনের ফাঁসি ও ২০ জনের যাবজ্জীবন কারাদন্ড হয়। বাকীদের বিভিন্ন মেয়াদের কারাদন্ড ও জরিমানা ধার্য করা হয়।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/ এমআইআর/ ১৫০৯ ঘ
bdnews24