সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- বলিউডের একটি ছবির কারণে ভারতীয় গণমাধ্যম তোপের মুখে পড়তে যাচ্ছে। এন চন্দ্র পরিচালিত এই ছবিতে দেখানো হয়েছে, আজকাল সাংবাদিকরা কোন খবরের ভেতরের কাহিনী জানার চেয়ে নিছক ঘটনাকে পরিবেশন করেই সন্তুষ্ট থাকে। এই অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছে ছবিটি। খবর ভারতীয় ওয়েবসাইটের।
'ব্রেকিং নিউজ' নামের বলিউডের এই ছবিটি মুম্বাই শহরে বসবাস করা ছয় জনের কাহিনীকে তুলে ধরেছে। জনবহুল এই শহরে ছয় জন দৈনন্দিন জীবনের বিভিন্ন সমস্যার মুখোমুখি হয়। নানা ঘটনার মধ্য দিয়ে এদের বেকারত্ব, সন্ত্রাসীদের অন্যায় অবিচার এবং ধর্মীয় উন্মাদনার কাহিনী ফুটে ওঠে ছবিতে।
শহুরে জীবন চাহিদাবহুল। এই চাহিদা পূরণ করতে গিয়ে একজন মানুষ কীভাবে অপরাধের সঙ্গে জড়িয়ে পরে এবং সেই ঘটনা কীভাবে খবরে পরিণত হয়, সেটাও উঠে এসেছে ছবিতে। আবার গনমাধ্যমে এসব প্রচারের ফলে ঘটনাটা কীভাবে স্পর্শকাতর হয়ে ওঠে সেটাও দেখানো হয়েছে।
ছবির অভিনেত্রী পারভীন ডাবাস জানান, " ছবিতে মুম্বাই শহরে বাস করা মানুষ নিত্যদিন যে অভিজ্ঞতার সম্মুখিন হয় সেটাই তুলে ধরা হয়েছে। বেকারত্ব, মাফিয়া ইত্যাদি প্রসঙ্গ এসেছে এখানে। স্রেফ মুসলিম হওয়ার জন্য একজন এই শহরে একটা অ্যাপার্টমেন্ট কিনতে গিয়ে যে ভোগান্তির শিকার হয় তারও বিবরণ রয়েছে ছবিতে। "
পারভীন বলেন, "এসব সমস্যা নির্মূল করতে গনমাধ্যমকে আরো জোরালো ভূমিকা রাখতে হবে। কেন এসব ঘটনা ঘটছে সেসবের পিছনের কাহিনীটি তুলে ধরতে হবে তাদের।"
ছবির শুটিং মোটামুটি শেষ। আগামী মাসে ছবিটি মুক্তি পেতে যাচ্ছে।
বর্তমানে বলিউডে 'শোবিজ' নামে আরো একটি ছবির কাজ চলছে যেখানে তারকাদের নিয়ে অতিরঞ্জিত ও স্পর্শকাতর সংবাদ পরিবেশনের জন্য গণমাধ্যমের সমালোচনা করা হয়েছে।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এবি/এমআইআর/১৫৪৯ ঘ
bdnews24