২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ থেকে অস্কারে যাচ্ছে 'স্বপ্নডানায়'

৮০তম বার্ষিক একাডেমি অ্যাওয়ার্ড (অস্কার) এর শ্রেষ্ঠ বিদেশী ভাষার চলচ্চিত্র বিভাগে বাংলাদেশ থেকে 'স্বপ্নডানায়' চলচ্চিত্রকে মনোনয়নের জন্য চূড়ান্ত করা হয়েছে। রোববার চলচ্চিত্রটিকে এ প্রতিযোগিতার জন্য চূড়ান্ত করে 'অস্কার বাংলাদেশ কমিটি'।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2007, 01:36 PM

Updated : 26 Aug 2022, 08:40 PM

সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- ৮০তম বার্ষিক একাডেমি অ্যাওয়ার্ড (অস্কার) এর শ্রেষ্ঠ বিদেশী ভাষার চলচ্চিত্র বিভাগে বাংলাদেশ থেকে 'স্বপ্নডানায়' চলচ্চিত্রকে মনোনয়নের জন্য চূড়ান্ত করা হয়েছে। রোববার চলচ্চিত্রটিকে এ প্রতিযোগিতার জন্য চূড়ান্ত করে 'অস্কার বাংলাদেশ কমিটি'। 'অস্কার বাংলাদেশ কমিটি'র আহবায়ক ও বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ এর সভাপতি বিশিষ্ট সংগীতজ্ঞ ও চলচ্চিত্র পরিচালক আজাদ রহমান কমিটির অন্য ৮ সদস্যের উপস্থিতিতে এ ঘোষনা দেন। প্রতিবারের মতো এবারো সংগঠনটির সভাপতি আজাদ রহমানকে সভাপতি করে ৯ সদস্যবিশিষ্ট 'অস্কার বাংলাদেশ কমিটি' গঠন করেছিল বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ। কমিটির অন্য সদস্যরা হলেন চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির সভাপতি নাসিরউদ্দিন দিলু, চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি শওকত জামিল, চলচ্চিত্র চিত্রগ্রাহক সংস্থার সভাপতি আব্দুল লতিফ বাচ্চু, ফিল্ম এডিটর গিল্ডের সভাপতি আবু মুসা দেবু, চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি আসলাম তালুকদার মান্না, পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক মীর্জা আব্দুল খালেক, আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বাংলাদেশের সহসভাপতি হাবিবুর রহমান খান এবং চলচ্চিত্র সমালোচক অধ্যাপক আব্দুস সেলিম। কমিটির কাছে দু'টি চলচ্চিত্র জমা পড়েছিল। একটি মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত 'মেড ইন বাংলাদেশ' অন্যটি গোলাম রব্বানী বিপ্লব পরিচালিত 'স্বপ্নডানায়'। গত ২১ সেপ্টেম্বর প্রিভিউ কমিটি ছবি দু'টি দেখে 'স্বপ্নডানায়' চলচ্চিত্রটিকে অস্কারে পাঠানোর জন্য মনোনীত করে। ১ অক্টোবর 'স্বপ্নডানায়' চলচ্চিত্রটিকে প্রতিযোগিতার জন্য পাঠানো হবে। এ প্রসঙ্গে ছবির পরিচালক গোলাম রব্বানী বিপ্লব বলেন, "সংবাদটি আমার জন্য অত্যন্ত আনন্দের। 'অস্কার বাংলাদেশ কমিটি' আমার ছবিটিকে নির্বাচন করায় আমি কমিটির সকল সদস্যের কাছে কৃতজ্ঞ।" 'স্বপ্নডানায়' দশম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবসহ মোট ১২টি আন্তর্জাতিক উৎসবে প্রদর্শিত হয়েছে। ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয় রটারডাম ফিল্ম ফেস্টিভ্যালে। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত এ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মাহমুদুজ্জামান বাবু, রোকেয়া প্রাচী, ফজলুর রহমান বাবু, তুষ্টিসহ অনেকে। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসবিটি/এমআইআর/১৯৩২ ঘ.