২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদে একসঙ্গে ৩টি অ্যালবাম নিয়ে আসছেন রবি চৌধুরী

বইমেলার সময় যেমন বই প্রকাশের তোড়জোড় শুরু হয়, তেমনি ঈদ এলে শুরু হয় অ্যালবাম প্রকাশের আয়োজন। এবারেও এই জোয়ারে ভাসছেন অনেক শিল্পী, প্রকাশক। দীর্ঘদিন পর ফিরে আসার জন্য এ সময়টাকেই বেছে নিচ্ছেন অনেকে। যেমন রবি চৌধুরী। দুটি একক অ্যালবাম এবং একটি দ্বৈত অ্যালবাম নিয়ে দীর্ঘদিন পরে শ্রোতাদের মাঝে ফিরছেন আধুনিক গানের এই শিল্পী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2007, 12:20 PM

Updated : 26 Aug 2022, 08:40 PM

সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- বইমেলার সময় যেমন বই প্রকাশের তোড়জোড় শুরু হয়, তেমনি ঈদ এলে শুরু হয় অ্যালবাম প্রকাশের আয়োজন। এবারেও এই জোয়ারে ভাসছেন অনেক শিল্পী, প্রকাশক। দীর্ঘদিন পর ফিরে আসার জন্য এ সময়টাকেই বেছে নিচ্ছেন অনেকে। যেমন রবি চৌধুরী। দুটি একক অ্যালবাম এবং একটি দ্বৈত অ্যালবাম নিয়ে দীর্ঘদিন পরে শ্রোতাদের মাঝে ফিরছেন আধুনিক গানের এই শিল্পী। শিল্পীর একক দুটি অ্যালবামের একটি ফোক অ্যালবাম 'রঙের বন্ধু' আর অন্যটি আধুনিক গানের অ্যালবাম 'তুমি আমি আর বৃষ্টি'। অ্যালবাম দুটিতে শিল্পীর ১২টি করে গান থাকছে। ফোক অ্যালবামের গানগুলোর কথা ও সুর শিল্পীর নিজের। অন্যদিকে আধুনিক গানের অ্যালবামটির গান লিখেছেন কবির বকুল, রবিউল ইসলাম জীবন এবং রবি চৌধুরী। এ অ্যালবামে কবির বকুলের সুরে দুটি গান থাকছে। অন্য গানগুলোর সুর করেছেন রবি চৌধুরী নিজেই। প্রথম অ্যালবামটি এটিএন মিউজিক এবং দ্বিতীয়টি সাউন্ডটেকের ব্যানারে এবার ঈদে বেরুবে। একক অ্যালবামের পাশাপাশি এবার ঈদে সাউন্ডটেকের ব্যানারে বেরুবে মমতাজ ও রবি চৌধুরীর দ্বৈত অ্যালবাম 'একজনই মনমানুষ'। নতুন এ অ্যালবামগুলো সম্পর্কে রবি চৌধুরী জানান, "আধুনিক ও ফোক গানের জন্য রয়েছে আলাদা আলাদা শ্রোতা। উভয় শ্রেনীর শ্রোতাদের প্রত্যাশা পূরণের লক্ষ্যেই একসঙ্গে তিনটি অ্যালবাম প্রকাশের উদ্যোগ নিচ্ছি। দীর্ঘ বিরতির পর বের হওয়া এ অ্যালবামগুলো নিয়ে আমি দারুন আশাবাদী।" বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসবিটি/এমআইআর/১৮১৬ ঘ.