সেপ্টেম্বর ২২ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- ভারতীয় চ্যানেলগুলোতে কয়েক বছর ধরে প্রতিভা অন্বেষণের জোয়ার বইছে। প্রতিভার ক্ষেত্র হিসেবে আছে সঙ্গীত, নৃত্য, কমেডি, মেধা যাচাই আরো কত্তো কী! বিশেষ করে সঙ্গীত শিল্পী খোঁজার লড়াইয়ের ঝনঝনায় দশদিক শিহরিত। ইন্ডিয়ান আইডল, সা রে গা মা পা, ভয়েস অব ইন্ডিয়া'র সঙ্গে এখন পরিচিত হালের টিভি দর্শকেরা। এতো কিছুর পরও লতা মুঙ্গেশকর বলছেন কি না এসব করে আসল শিল্পীর সন্ধান মেলে না। খবর ভারতীয় ওয়েবসাইটের।
হাজার হাজার কিংবা ক্ষেত্র বিশেষে লক্ষ প্রতিযোগী থেকে প্রতিভা খুঁজে বের করার কাজটা বিশেষজ্ঞ বিচারকরা করলেও চ্যানেলে উপস্থিতির পর প্রতিভা যাচাইয়ের ভারটা চলে যায় শ্রোতা তথা জনতার হাতে। অনেক ক্ষেত্রেই এসএমএসের কাছে হার মেনে যায় প্রতিভা! বিজয়ী নির্বাচনে এহেন এসএমএস মানদন্ডের সমালোচনা করেন শিল্পী লতা মুঙ্গেশকর। একটি টিভি চ্যানেলকে লতা জানান, " এর জন্য শৈল্পিক প্রতিভার মূল্যায়ন হচ্ছে কম। আর সবচেয়ে বাজে দিকটা হলো এসএমএসই নির্ধারণ করছে বিজয়ী।"
লতার মত, "নির্বাচন পদ্ধতির ক্রটির কারণে ভালো সঙ্গীত শিল্পী বাদ পড়ে যাচ্ছে আর বিজয়ী হচ্ছে অপেক্ষাকৃত কম প্রতিভা সম্পন্নরা। বিচারকদের সিদ্ধান্তকে বাদ দিয়ে শুধুমাত্র এসএমএসকেই গুরুত্ব দেয়া হচ্ছে যা প্রতিভা যাচাইয়ের ক্ষেত্রে কাজের কথা নয়।"
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এফবি/এমআইআর/১৫৫১ ঘ
bdnews24