সেপ্টেম্বর ২০ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- জোর গতিতে চলছে ঈদের নাটক তৈরির কাজ। বেশির ভাগ নাটকই বড়দের জন্য, ছোটদের জন্য নির্মিত নাটক নেই বললেই চলে। এবার সেই শূন্যতা পূরনের লক্ষ্য এগিয়ে এসেছেন ' দীপু নাম্বার টু' খ্যাত পরিচালক মোরশেদুল ইসলাম। এবারের ঈদে ছোটদের জন্য তিনি তৈরি করছেন দুটি নাটক।
প্রথম নাটকটি জনপ্রিয় শিশুতোষ লেখক জাফর ইকবালের লেখা। নাম 'ভূতের বাড়ী'। নাটকের পাত্রপাত্রী সবাই নতুন, কেবলমাত্র অভিনেত্রী তানিয়া আহমেদ ছাড়া। ভৌতিক সব মজার মজার কান্ডকীর্তি নিয়ে এগিয়েছে নাটকটির কাহিনী।
দ্বিতীয় নাটকটির নাম 'অধরা'। লিখেছেন এহসানুল হক নাহিদ। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন টনি ডায়েস, নাদিয়া, সুইটিসহ একদল শিশুশিল্পী। নাটকের কাহিনী আর্বতিত হয়েছে ছোট্ট শিশুদের মনোজগতের বিষয় আশয়কে কেন্দ্র করে।
নাটক দুটি মোরশেদুল ইসলামের নিজস্ব প্রযোজনা সংস্থা মনন চললিচ্চিত্রের ব্যানারে নির্মিত হচ্ছে। আসন্ন ঈদে প্রথম নাটকটি প্রচারিত হবে স্যাটেলাইট চ্যানেল এনটিভিতে আর দ্বিতীয়টি আরটিভিতে ।
এ প্রসঙ্গে নাটক দুটির নির্মাতা মোরশেদুল ইসলাম জানান, "শিশুদের জন্য কাজ করে আমি আনন্দ পাই। ওদের জন্য নাটক কিংবা চলচ্চিত্র সেভাবে আমাদের এখানে তৈরি হয় না । এই অভাববোধ থেকেই ঈদের আনন্দময় অনুষ্ঠানমালায় তাদের শরিক করতে আমার এ প্রচেষ্ঠা। আশা করি নাটক দুটো দেখে শিশুরা মজা পাবে।"
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসবিটি/এমআইআর/১৭৩৮ ঘ
bdnews24