সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- দুইজনই দীর্ঘদিন ধরে টেলিভিশন নাটকে অভিনয় করলেও কখনও একসঙ্গে তাদের টিভি পর্দায় দেখা যায়নি। তবে এবার ঈদে তাদের দেখা যাবে একটি একক নাটকে। নাটকটির নাম 'মে ফ্লাওয়ার'। নাটকটির রচিয়তা ও নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল।
নাটকের কাহিনী গড়ে ওঠেছে নিঃসঙ্গ এক যুবককে কেন্দ্র করে। হঠাৎ করেই একদিন সুদূর অস্ট্রেলিয়া থেকে একটি মেয়ের ফোন পায় সে। এরপর থেকে যুবকটি কথা বলতে থাকে মেয়েটির সঙ্গে। এতে তার নিঃসঙ্গতা দূর হয় । মেয়েটির দেশে আসার পর নিঃসঙ্গ যুবকের সঙ্গে তার দেখা করা নিয়ে ঘটতে থাকে অন্যরকম সব ঘটনা।
নিঃসঙ্গ যুবকের চরিত্রে অভিনয় করবেন আফজাল হোসেন আর মেয়েটির চরিত্রে আফসানা মিমি। খুব শীঘ্রই নাটকটির শুটিং শুরু হবে। সামনের ঈদে নাটকটি যে কোন স্যাটেলাইট চ্যানেলে প্রচার করা হবে।
আফজাল হোসেনের সঙ্গে প্রথমবার অভিনয় করা প্রসঙ্গে আফসানা মিমি জানান, "আফজাল ভাইয়ের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে, এমনকি এমনিতেই যতো আড্ডা মেরেছি তাতে আমার নিজেরও মনে হয়নি যে তার সঙ্গে কাজ করা হয়নি। তবে আসলেই এই প্রথমবারের মতন ছোট পর্দায় তার সঙ্গে কাজ করতে যাচ্ছি। কাজটি করতে একই সাথে আনন্দ ও উত্তেজনা বোধ করছি। বেশ ভালোই লাগছে আমার।"
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসবিটি/এমআইআর/১২১০ ঘ
bdnews24