২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জার্মানিতে 'ওয়ান ওয়ার্ল্ড অ্যাওয়ার্ডে' প্রথম পুরস্কার পেলো বাংলাদেশের ছবি

চট্টগ্রামের সীতাকুন্ড'র জাহাজভাঙা কর্মীদের জীবন ও কর্মপরিবেশ নিয়ে নির্মিত প্রামাণ্য চলচ্চিত্র আয়রনইটারস (বা লোহাখোড় ) 'ওয়ান ওয়ার্ল্ড অ্যাওয়ার্ড ২০০৭' এ প্রথম পুরস্কার লাভ করলো। বাংলাদেশ ও জার্মানির চলচ্চিত্র দলের যৌথ উদ্যোগে এ প্রামাণ্য চলচ্চিত্রটি তৈরি করেছেন বাংলাদেশের তরুন চলচ্চিত্র নির্মাতা শাহীন দিল - রিয়াজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2007, 11:27 AM

Updated : 26 Aug 2022, 08:38 PM

সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- চট্টগ্রামের সীতাকুন্ড'র জাহাজভাঙা কর্মীদের জীবন ও কর্মপরিবেশ নিয়ে নির্মিত প্রামাণ্য চলচ্চিত্র আয়রনইটারস (বা লোহাখোড় ) 'ওয়ান ওয়ার্ল্ড অ্যাওয়ার্ড ২০০৭' এ প্রথম পুরস্কার লাভ করলো। বাংলাদেশ ও জার্মানির চলচ্চিত্র দলের যৌথ উদ্যোগে এ প্রামাণ্য চলচ্চিত্রটি তৈরি করেছেন বাংলাদেশের তরুন চলচ্চিত্র নির্মাতা শাহীন দিল - রিয়াজ। প্রতিযোগিতায় অংশ নেয়া জার্মানি, সুইজারল্যান্ড ও অস্ট্রিয়ার ২০০টি চলচ্চিত্রের সঙ্গে প্রতিযোগিতা করে আয়রনইটার বা লোহাখোড় এই পুরস্কার পায়। দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার পায় যথাক্রমে সুইস ছবি 'দি শর্ট লাইফ অফ জস আন্তনিও গুটিয়ারেজ' ও জর্মন ছবি 'রোমিং অ্যারাউন্ড'। শাহীন জানান, সোমবার সন্ধ্যায় জার্মানির কোলনে পুরস্কার প্রদান অনুষ্ঠান হয়। ঢাকায় আরেকটি চলচ্চিত্রের কাজে ব্যস্ত থাকায় ওই অনুষ্ঠানে থাকতে পারেননি শাহীন। অনুষ্ঠানে শাহীনের পক্ষে নরড্রেহেইম - ওয়েস্টফালেন এর স্বাস্থ্য ও পরিবার মন্ত্রী মিস্টার আরমিন লাশেটের কাছ থেকে পুরস্কার গ্রহণ করছেন চলচ্চিত্রটির জর্মন প্রযোজক কাথরিন লামে। ওই অনুষ্ঠানে চলচ্চিত্রটির বাংলাদেশী দলের একমাত্র সদস্য হিসেবে উপস্থিত ছিলেন সাউন্ড রেকর্ডিস্ট আবদুস সাত্তার। প্রাপ্ত পুরস্কারের মূল্যমান ৩ হাজার ইউরো ও একটি ট্রফি। আয়রনইটারস এর চিত্রনাট্য, পরিচালনা ও আলোকচিত্রের কাজ করেছেন শাহীন নিজে। তার সঙ্গে ছবির বাংলাদেশ টিমে আরো ছিলেন শবনম ফেরদৌসী (সহকারী পরিচালক), লরেন্স অপু রোজারিও (ইউনিট ক্যামেরাম্যান), আবদুস সাত্তার রিপন (সাউন্ড রেকর্ডিস্ট ও সাউন্ড ডিজাইনার), মেজবাহউদ্দীন ফিরোজ (সাউন্ড অ্যাসিস্ট্যান্ট) ও জাহিদুল করিম সেলিম (স্টিল ফটোগ্রাফার)। ছবি সম্পর্কে তাদের মতামত দিতে গিয়ে বিচারকরা বলেছেন যে, চলচ্চিত্রকার শুরুতেই বক্তব্যের মধ্যে দিয়ে বিষয়ের সঙ্গে তার যোগসূত্রটি স্থাপন করেছেন পরিচালক। তারপর ছবিতে জাহাজভাঙা শ্রমিকদের দিনানুদিনের ঘনিষ্ট বিবরণকে তুলে ধরেছেন চলচ্চিত্রের ভাষায়। এ ছবির অসাধারন সিনেমাটোগ্রাফি ও বিন্যস্ত সম্পাদনা দর্শকদের কাছে মনোমুগ্ধকর এক অভিজ্ঞতা হিসেবেই থাকবে।" ছবিটি ইতিমধ্যে পর্তুগাল, ব্রাজিল, নেপাল সহ বিভিন্ন দেশের প্রতিযোগিতায় নির্বাচিত হয়েছে। আগামী বছর ফেব্র"য়ারিতে বাংলাদেশে ছবিটির প্রিমিয়ার হবে বলে আসা করা হচ্ছে। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমআইআর/১৭২১ ঘ