২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চম্পা ও মান্না এক যুগ পর একই ছবিতে

প্রায় এক যুগ পর একই সিনেমায় কাজ করতে যাচ্ছেন চলচ্চিত্রের এক সময়ের সফল ও সাড়া জাগানো জুটি চম্পা-মান্না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2007, 03:28 PM

Updated : 26 Aug 2022, 08:37 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম)- প্রায় এক যুগ পর একই সিনেমায় কাজ করতে যাচ্ছেন চলচ্চিত্রের এক সময়ের সফল ও সাড়া জাগানো জুটি চম্পা-মান্না। ছবির নাম 'হৃদয় থেকে পাওয়া'। ছবিটি পরিচালনা করবেন মোহাম্মদ হোসেন জেমী। ছবির অন্য তিনটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন মৌসুমী, বাপ্পারাজ ও শিশুশিল্পী তন্ময়। দীর্ঘদিন পর চম্পা-মান্না একই ছবিতে কাজ করলেও ছবিতে তারা জুটি নন। মান্নার সঙ্গে জুটি হয়ে অভিনয় করবেন মৌসুমী। আর চম্পার সঙ্গে এই প্রথমবারের মতো জুটি হয়ে অভিনয় করবেন বাপ্পারাজ। ছবিটি প্রযোজনা করবে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড। ১৯ সেপ্টেম্বর থেকে এফডিসিতে শুটিং শুরু হবে ছবিটির । আশির দশকের শেষের দিকে মোস্তফা আনোয়ারের 'কাশেম-মালার প্রেম' ছবি দিয়ে চম্পা-মান্না প্রথমবারের মতন জুটি বাঁধেন। পরবর্তী সময়ে মনতাজুর রহমান আকবরের 'প্রেমদিওয়ানা' ছবির সাফল্য চম্পা-মান্না জুটিকে দারুণভাবে আলোচনায় নিয়ে আসে। তাদের নিয়ে 'ডিস্কো ড্যান্সার', 'বাবার আদেশ', 'ভাই', 'উত্তরের খেপ'সহ অসংখ্য ছবি নির্মিত হয়েছে। একযুগ পরে একই ছবিতে মান্নার সঙ্গে কাজ করা প্রসঙ্গে চম্পা বলেন, "দীর্ঘদিন পর মান্নার সঙ্গে কাজ করবো। তবে ছবিতে নায়ককে নয়, কাজটাকেই সব সময় গুরুত্ব দেই আমি। তাছাড়া প্রথমবারের মতো এ ছবিতে মৌসুমীর সঙ্গে কাজ করবো। আমার ভালই লাগবে বলে আশা করছি।" বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসবিটি/এসএন/২১১১ ঘ.