ঢাকা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- খালিদের 'যদি হিমালয় হয়ে', মাহাদীর 'সুনীল বরুনা হলে', রুমীর 'মাটি হবো মাটি' এবং মেহরাবের 'বাংলাদেশ' শিরোনামের গান চারটি এই সময়ের অডিও বাজারের সবচেয়ে সফল ও জনপ্রিয় গান। টানা তিন বছর বিরতির পর নতুন ভাবে ফিরছেন এসব গানের সুরস্রস্টা জনপ্রিয় গীতিকার ও সঙ্গীত পরিচালক প্রিন্স মাহমুদ।
'প্রিন্স মাহমুদ অ্যান্ড ক্লোজআপ ওয়ান' সাবটাইটেলে প্রিন্স মাহমুদের সুরারোপিত নতুন এ মিক্সড অ্যালবামের নাম 'বোকা'। অ্যালবামে মোট গান থাকছে ১২টি। গানগুলো লিখেছেন আসিফ ইকবাল, প্রিন্স মাহমুদ ও কবির বকুল।
প্রিন্স মাহমুদের একক সুরে গানগুলো গেয়েছে ১০জন ক্লোজআপ ওয়ান তারকা। কয়েকটি গানের শিরোনাম তুই থাকিস পুরো বারান্দা জুড়ে, ইলশে গুঁড়ি, আধিয়ারে, হাঁটি, রজনী, পতঙ্গ, নিরন্তর।
অ্যালবামে গেয়েছেন ক্লোজআপ ওয়ান প্রথম আয়োজনের আট তারকা। এরা হলেন নোলক, রাজীব, রুমী, মাহাদী, মেহরাব, রিংকু, রাশেদ ও আবীদ । এদের সঙ্গে যুক্ত হয়েছেন ক্লোজআপ ওয়ান দ্বিতীয় আয়োজনের মুহিন ও কিশোর।
আসন্ন ঈদে অডিও প্রযোজনা প্রতিষ্ঠান গানচিলের বড় চমক হিসেবে প্রকাশিত হবে এ অ্যালবামটি।
অ্যালবাম প্রসঙ্গে প্রিন্স মাহমুদ বলেন, "ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতার মধ্য দিয়ে আমরা কয়েকজন প্রতিভাধর শিল্পীকে খুঁজে পেয়েছি। আমি তাদের মধ্য থেকে আমার মতো করে কয়েকজনকে বেছে নিয়েছি। তাদের কন্ঠে ফিউশান, মেলো রক আর কিছু কথার নৈপূণ্যে ভরা এ অ্যালবামটি শ্রোতাদের ভালো লাগবে আশা করি।"
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসবিটি/এসএন/২২৪১ ঘ.
bdnews24