সেপ্টেম্বর ১০ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- জাহিদ হাসান ও পপি প্রথমবার একসঙ্গে ঈদের জন্য নির্মিতব্য একটি একক নাটকে অভিনয় করছেন। নাটকের নাম 'রশনাই'। লিখেছেন অয়ন চৌধুরী। নির্দেশনায় রয়েছেন জাহিদ হাসান নিজেই।
এর আগে জাহিদ ও পপি 'ঝন্টু মন্টু দুই ভাই' নামের একটি চলচ্চিত্রে একত্রে অভিনয় করলেও একসঙ্গে কোন নাটকে অভিনয় করেননি ।
হাসির এ নাটকের গল্প এগিয়ে যাবে 'রশনাই' নামে একটি ছবির শুটিংকে কেন্দ্র করে।
ছবির শুটিং ইউনিট গ্রামে যায় শুটিং করতে। ওই গ্রামেরই ছেলে জাহিদ হাসান। তার ভীষণ শখ ছবিতে অভিনয় করার। আর তাই ইউনিটের কাছে ঘোরাঘুরি করতে থাকে সে। সহজ-সরল গ্রামের যুবক জাহিদ হাসানের সরলতার সুযোগ নিয়ে ইউনিটের অন্যরা তার এটা-সেটা নিয়ে নেয়। কেউ তার সাইকেল নিয়ে যায়, কেউ বা হাতঘড়ি, আবার কেউ মোবাইল। ছবির এক দৃশ্যে নায়ককে আগুনে ঝাঁপ দিতে হয়। সে সময় ডামি হিসেবে আগুনে ঝাঁপ দেয় জাহিদ হাসান। এমনিভাবে ছবিতে অভিনয় করার শখ তার পূরণ হয় তার।
৯ সেপ্টেবর থেকে পূবাইলে নাটকটির শুটিং শুরু হয়েছে। চলবে একটানা তিনদিন । তারপর যাবে এডিটিং টেবিলে। নাটকটি জাহিদ হাসানের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান পুষ্পিতা ভিজুয়্যালের ব্যানারে নির্মিত হচ্ছে। আসন্ন ঈদে নাটকটি বিটিভিতে প্রচার করা হবে।
নাটকটি প্রসঙ্গে জাহিদ হাসান জানান, " ঈদে আমি টেলিফিল্ম ও একক নাটক নির্মান করছি। এর অংশ হিসেবে নির্মিত হবে নাটকটি। ছবিতে একসঙ্গে কাজ করলেও নাটকে আমার ও পপির এটি প্রথম কাজ। হাসির নাটক এটি। নাটকটি দেখে দর্শকেরা বেশ মজা পাবেন।"
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসবিটি/এমআইআর/২০০৫ ঘ
bdnews24