সেপ্টেম্বর ১০ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- জসীমউদ্দিনের নাটক 'মধুমালা' অবলম্বনে নির্মিত হচ্ছে টেলিফিল্ম 'মধুমালা ও মদনকুমার'। নাটকটিতে মধুমালা চরিত্রে রোমানা ও মদনকুমাারের ভূমিকায় রয়েছেন এ আর মন্টু। এর একটি বিশেষ চরিত্রে অভিনয় করছেন লাক্স সুন্দরী তানজিকা।
টেলিফিল্মটি পরিচালনা করছেন নাট্য নির্দেশক অনন্ত হীরা। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন প্রবীর মিত্র, খালেদা আক্তার কল্পনা ,সিরাজুল ইসলাম, মাছুম আজিজ, রাতিন ও এটি এম শামসুজ্জামান প্রমুখ।
টেলিফিল্মটির শুটিং শুরু হয়েছে ৬ সেপ্টেম্বর থেকে। এখন শুটিং চলছে কুয়াকাটা সমুদ্র সৈকত, ফাতরার চর ও গঙ্গামতিতে। ১৫ সেপ্টেম্বর থেকে শুটিং হবে এফডিসিতে। শুটিং এর জন্য কুয়াকাটায় ৮০ ফুট দৈর্ঘ্যের ৫টি নৌকাকে মযূরপঙ্খী নাও হিসেবে সাজানো হয়েছে। রাজবাড়ীর সেট নির্মাণ করা হয়েছে এফডিসির ফ্লোরে।
জসীমউদ্দিন রচিত ৭টি গান থাকবে টেলিফিল্মটিতে যার ৪-৫ টি গান সম্পূর্ন ব্যবহার করা হবে। আর বাকীগুলো থেকে নেওয়া হবে দুই তিন লাইন করে। গানগুলোতে কন্ঠ দিয়েছে ক্লোজআপ তারকা রাজিব, বিউটি, শিশির রহমান, নন্দিতা ও সুইটি। সঙ্গীত পরিচালনা করছেন শিশির রহমান।
টেলিফিল্মটি অভিনেতা এ আর মন্টুর নিজস্ব প্রযোজনা সংস্থা থেকে নির্মিত হচ্ছে। আসন্ন ঈদে সঙ্গীতবহুল এ টেলিফিল্মটি বিটিভিতে প্রচার করা হবে।
নির্মাতা অনন্ত হিরা জানান, "ইতিপূর্বে 'মধুবালা' নাটক নিয়ে চলচ্চিত্র নির্মিত হলেও টেলিফিল্ম নির্মাণ করা হচ্ছে এই প্রথম। মূল কাহিনী যেভাবে আছে সেভাবেই শুটিং করা হচ্ছে। কোন পরিবর্তন করা হয়নি। দর্শকেরা ঈদে টেলিফিল্মটি দেখে পূর্ণদের্ঘ্য চলচ্চিত্র দেখার আমেজ পাবেন।"
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/ এসবিটি/এমআইআর/১৯৫৯ ঘ
bdnews24