সেপ্টেম্বর ৪ (বিডিনিউজটুয়েন্টফোরডটকম) -- দীপা মেহতার 'লুনা' চলচ্চিত্রে নায়ক হচ্ছেন জন আব্রাহাম। বলিউডের এই তারকার সঙ্গে সহ অভিনেতা হিসেবে কাজ করবেন বলিউডের অস্কার বিজয়ী অভিনেতা ক্রিস কুপার। খবর ভারতীয় গনমাধ্যমের।
এতোদিন হলিউডের ছবিতে ছোটখাটো চরিত্রে অভিনয় করেছেন বলিউড তারকারা। খুব বেশি হলে সহ অভিনেতা বা সহ অভিনেত্রী পর্যন্ত যেতে পেরেছেন তারা। কিন্তু দিন বদলে গেছে। প্রমাণ, দীপা মেহতার নতুন ছবি 'লুনা'।
'লুনা'র কাজ শুরু হবে ২০০৮ সালে। এতে প্রধান চরিত্রে অভিনয় করবেন জন আব্রাহাম। তার সঙ্গে আছেন হলিউডের বিখ্যাত অভিনেত্রী র্যাচেল ওয়েইস এবং ডাস্টিন হফম্যান। আব্রাহামের সঙ্গে সহ অভিনেতা হিসেবে থাকবেন হলিউডের আলোচিত 'অ্যাডাপ্টেশন' ছবির জন্য অস্কার বিজয়ী ক্রিস কুপার। ক্রিস কুপারের অন্যান্য আলোচিত ছবিগুলোর মধ্যে আছে 'আমেরিকান বিউটি', 'সিরিয়ানা' এবং 'সী বিস্কিট'।
এ প্রসঙ্গে দীপা মেহতা বলেন, "ক্রিস এমন একজন অভিনেতা যাকে আমি অনেক বছর ধরে জানি ও শ্রদ্ধা করি। ছবিতে তিনি ডাস্টিন হফম্যানের ডান হাত থাকবেন। কিন্তু হ্যাঁ, 'লুনায়' প্রধান চরিত্রে অভিনয় করবেন জন আব্রাহাম। এর কোন অন্যথা হবেনা।"
প্রথমদিকে মেহতা ছবিটি করতে অপারগতা প্রকাশ করেছিলেন। কিন্তু প্রযোজক ওয়ার্নার ব্রাদার্স তাকে বারবার অনুরোধ করায় তিনি সম্মত হন।
বিডিনিউজটুয়েন্টফোরডটকম/এএন/এমআইআর/১৯১৫ ঘ
bdnews24