সেপ্টেম্বর ১ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- নাটকের সিকুয়েলের পর এবার বিজ্ঞাপনের সিকুয়েল নির্মিত হচ্ছে। বিভিন্ন টেলিভিশন চ্যানেলে সম্প্রতি প্রচারিত বাংলালিংক এর জনপ্রিয় একটি বিজ্ঞাপনের সিকুয়েল হবে এটি।
নতুন সিকুয়েল বিজ্ঞাপনটির নির্মাতা অমিতাভ রেজা। আগেরটিও তার তৈরি। এতে মডেল হিসেবে রয়েছেন বর্তমান সময়ের চার তারকা: মোনালিসা, তিন্নি, ইমন ও নীরব। বিজ্ঞাপনটিতে কাজ করার মাধ্যমে দীর্ঘ দুই বছর পর নতুন কোনো পণ্যের মডেল হচ্ছেন মোনালিসা ।
বিজ্ঞাপনটির প্রথম পর্বে ছিলেন তিন্নি ও নীরব। ওই বিজ্ঞাপনে দেখা যায় তিন্নি ও নীরব এক মেলায় বায়োস্কোপে চোখ রাখেন। এবং ভিতরে দেখতে পান নিজেদের। সেখানে গানে গানে তারা বাংলালিংক দেশ এর বিভিন্ন গুনাগুন বর্ণনা করেন। বায়োস্কাপ দেখার পর তিন্নি ও নীরব চলে যান। যাওয়ার সময় তিন্নি ফিরে দর্শকদের উদ্দেশে বলেন, আমরা ভালো আছি আপনারা আছেন তো?
নতুন বিজ্ঞাপনটির মডেল মোনালিসা বর্তমানে নাটকের কাজে দেশের বাইরে। বাইরে যাওয়ার আগে তিনি বলেন, "বিজ্ঞাপনটির পুরো শুটিং শুরু না হওয়া পর্যন্ত আমি কিছু বলতে চাচ্ছি না। শুধু এটুকু বলব, দীর্ঘ দুই বছর পর বিজ্ঞাপনে আমাকে নতুনভাবে দেখতে পাবেন দর্শকরা।"
নীরব বলেন, "আগের বিজ্ঞাপনটিতে কাজ করে আমি জনপ্রিয়তা পাই। এবার যে বিজ্ঞাপনটি হচ্ছে সে রকম বিজ্ঞাপন এখন পর্যন্ত বাংলাদেশে হয়নি। অনেক বড় বাজেটের কাজ। আশা করছি, খুবই ভালো একটি বিজ্ঞাপন হবে। আশা করছি এ বিজ্ঞাপনের মাধ্যমে আগের নীরবকে অতিক্রম করতে পারবো।"
আগামী মাসের প্রথম সপ্তাহে শুরু হবে বিজ্ঞাপনটির শুটিং।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসবিটি/এমআইআর/১৯৩১ ঘ
bdnews24