সেপ্টেম্বর ১ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- আত্মজীবনীমূলক রচনায় নিজের প্রেম সম্পর্কে বিশেষ কিছু বলেননি রবীন্দ্রনাথ ঠাকুর। আন্না তড়খর বা ভিক্টোরিয়া ওকাম্পো প্রসঙ্গে যেসব সকৌতুক মন্তব্য করেছেন তা থেকে খুব স্পষ্ট হয় না তার রোমান্টিক চরিত্রটি। প্রায় শ পাঁচেক রোমান্টিক গানের রচয়িতা তার বৌদি কাদম্বরী দেবীর সঙ্গে সম্পর্কের বিষয়টিও এড়িয়ে গেছেন। কবির বিবাহের অল্প কিছুদিন পরেই এই নারী কেন আত্মহত্যা করলেন সে সম্পর্কে বিশেষ কিছুই জানা যায় না। রবিঠাকুরের বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের নির্দেশ মোতাবেক ওই আত্মহত্যার সব আলামতও ধামাচাপা দেয়ার চেষ্টা করা হয়। সুনীল গাঙ্গুলিসহ কিছু লেখকের রচনায় সামান্য আভাস থাকলেও প্রথমবারের মতো সরাসরি এ বিষয়টি নিয়ে একটি কাহিনী চিত্র নির্মান করেছেন বন্দনা মুখোপাধ্যায়। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেম জীবনের উপর আলোকপাত করে তৈরি 'ঠাকুর ..দিল সে' নামের ছবিটি মুক্তি পেতে যাচ্ছে ১৪ সেপ্টেম্বর। ইংরেজিতে ছবির নাম 'ঠাকুর ..স্ট্রেইট ফ্রম দি হার্ট'। খবর ভারতীয় ওয়েবসাইটের।
কবির বড় ভাই জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী কাদম্বরী দেবীর সঙ্গে তার রহসাবৃত সম্পর্কের বিষয়টি উঠে এসেছে ছবিতে। অনেক বিতর্কের পর শেষ পর্যন্ত সেন্সর বোর্ড ছবিটির ছাড়পত্র দিয়েছে কিছুদিন আগে।
সাই বাবা ইমপোর্ট এক্সপোর্ট কর্পোরেশন প্রযোজিত ছবিতে রবীন্দ্রনাথ, জ্যোতিরিন্দ্রনাথ ও কাদম্বরী দেবীর ত্রিভুজ প্রেমের বিষয়টি তুলে ধরা হয়েছে। মাত্র ২৬ বছর বয়সে কাদম্বরী দেবী কেন আত্মহত্যা করলেন সে প্রসঙ্গটিও উঠে এসেছে এখানে। সে সময় রবির বয়স ছিল ২৪। নববিবাহিত কবি তখন খ্যাতির স্বাদ পেতে শুরু করেছেন মাত্র।
বন্দনা এ প্রসঙ্গে বলেন, " ছবিটি রবিঠাকুরের বৌদি কাদম্বরী দেবীকে নিয়ে। এটা রবীজীবনের একটি অধ্যায় যা সবাই ভালোভাবে জানেন না। কিশোর রবীন্দ্রনাথ তার বড় ভাইয়ের স্ত্রী কাদম্বরীর সঙ্গে অত্যন্ত ঘনিষ্ট ছিলেন। কাদম্বরী ছিলেন রবির ২ বছরের বড়। রবিঠাকুরের সাহিত্য প্রতিভার উন্মেষকালে কাদম্বরী দেবীই ছিলেন তার একমাত্র শ্রোতা ও সমালোচক। রবীন্দ্রনাথের বিয়ের মাত্র ৪ মাসের মাথায় কাদম্বরী আত্মহত্যা করেন। কিন্তু এই আত্মহত্যার খবর রবিঠাকুরের বাবা গোপন রাখেন। এরপর এ ব্যাপারে কেউ আর বিস্তারিত কিছু জানতে পারেন নি। "
ছবিতে রবীন্দ্রনাথ ও জ্যোতিরিন্দ্রনাথের ভুমিকায় অভিনয় করেছেন যথাক্রমে সন্দীপ ভট্টাচার্য ও দীপাঞ্জন পাল। দুজনের এটাই প্রথম চলচ্চিত্রে অভিনয়।
ছবিতে আরো আছেন বিশিষ্ট অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়, টম অল্টার, রুপা গাঙ্গুলি, খারাজ মুখোপাধ্যায়। শুধু অভিনয় প্রতিভা নয় বরং ছবির চরিত্রগুলোর সঙ্গে শারিরীক বৈশিষ্ট্যের মিল বিচার করেও তাদের নেয়া হয়েছে। লক্ষ্য হলো, উনিশ শতকের কাহিনীর বাস্তব চিত্র তুলে ধরা।
এর আগে ঠাকুরের রচনা নিয়ে ছবি নির্মান করা হলেও কবির জীবন কাহিনী নিয়ে কাহিনী চলচ্চিত্র এই প্রথম।
কবিগুরুর জন্মশতবর্ষে তার উপর ১ ঘন্টার একটি প্রামাণ্যচিত্র তৈরি করেছিলেন বিখ্যাত চলচ্চিত্রকার সত্যজিৎ রায়। সেই ছবিতেও রবীন্দ্রনাথের প্রেম জীবন সম্পর্কে কোন আলোকপাত করা হয়নি।
বৌদির সঙ্গে এই সম্পর্কের উপর ভিত্তি করে রবীন্দ্রনাথ 'নষ্টনীড়' গল্পটি লিখেছিলেন বলে অনুমান করা হয়। পরে সত্যজিৎ রায় গল্পটি অবলম্বনে একটি চলচ্চিত্রও নির্মান করেন যার নাম 'চারুলতা'। কাদম্বরী রবীন্দ্রনাথের খুব কাছের ছিলেন এবং এই ঠাকুরপো তাকে ফ্রেন্ড ফিলোসফার অ্যান্ড গাইড মনে করতেন। কাদম্বরী ছিলেন নিঃসন্তান। আজ থেকে দেড়শ বছর আগে নিঃসন্তান রমণী সমাজের চোখে হেয় প্রতিপন্ন হতো। দেবর রবির সঙ্গে কাদম্বরী তার সব দুঃখ বেদনা ভাগ করে নিতেন।
বন্দনা বলেন, " একজন চলচ্চিত্র সমালোচক আমার কাছে জানতে চেয়েছিলেন যে কেন আমি ঠাকুরের কোন গল্প বা উপন্যাস না নিয়ে তার জীবনের এমন একটা দিক নিয়ে ছবি করতে উদ্যোগী হলাম যে দিক সম্পর্কে তথ্য উপাত্ত খুবই কম। আসলে এসব প্রশ্ন ও মন্তব্যই আমাকে এ ছবিটি তৈরিতে আরো বেশি করে উদ্ধুদ্ধ করেছে। এটা আমার কাছে খুবই অদ্ভুত লেগেছে যে, রবীঠাকুরকে যারা সম্মান করেন, ভালোবাসেন, তারা তার কবি হয়ে ওঠার মূল প্রেরণা হিসেবে কাজ করেছে যে নারী তার ব্যাপারে এতোটা উাদাসীন থাকেন কী করে।"
রবীন্দ্রনাথের কাজ নিয়ে গবেষণা করতে গিয়ে বন্দনা দেখেছেন কাদম্বরী জীবিত থাকা অবস্থায় রবিরচনার সিংহভাগই কাদম্বরী দেবীকে উৎসর্গ করা।
বন্দনা বলেন, "রবীন্দ্রনাথের রচনাবলীতে যেসব নারী চরিত্র এসেছে তাতে কোন না কোনভাবে কাদম্বরী দেবীর ছায়াপাত ঘটেছে।"
বন্দনা জানান, "ঠাকুরের ২৪ বছর বয়সের সময় কাদম্বরী আত্মহত্যা করেন। তার মৃত্যুর ১৫ বছর পরে এলাহাবাদ ভ্রমণের সময় এক দিন কাদম্বরীর একটি ছবি দেখতে পান তিনি। সে রাতেই তিনি একটি প্রেমের কবিতা লিখেছিলেন।"
বন্দনা জানান, " তার ৭০ বছর বয়সের পরেও কবি একবার কাদম্বরী দেবীর ছবি দেখার জন্য ব্যাগ্র হয়ে উঠেছিলেন। কিন্তু কোলকাতায় অনেক খুঁজেও তার কোন ছবি পাওয়া যায় নি।"
রবীন্দ্রনাথ ও কাদম্বরীর সম্পর্ক প্রসঙ্গে খুব সরাসরি কোন মন্তব্য না করলেও বন্দনা অবশ্য হেঁয়ালি করে বলেন, "দেবর বৌদির সম্পর্ক সবসময়ই খানিকটা হেঁয়ালিপূর্ন। সবচে উল্লেখযোগ্য বিষয় যেটা তা হলো তার আত্মহত্যার খবরটা একরকম ধামাচাপা দেয়ার চেষ্টা করা হয়েছে। পরিবারের কেউ আর এ নিয়ে কখনো মুখ খোলেনি। এবং এটা খুই বিস্ময়কর যে এই পরিবারের কেউ এই ঘটনার কথা লিখেও রাখেনি কোথাও। যাহোক আমি সবকিছু দর্শকদের কল্পনার উপর ছেড়ে দিয়েছি। আমি কোন কিছু বলতে চাই না। আমি শুধু ঠাকুরের বিভিন্ন লেখা থেকে বাছাই করে কিছু বিষয় উপস্থাপন করেছি মাত্র।"
বন্দনা আরো বলেন, "কাদম্বরীর চরিত্রটি আমাকে খুব আকৃষ্ট করে। এই তরুনী ছিলেন সুশিক্ষিতা। ঠাকুরকে যারা সাহিত্যকর্মে প্রেরণা যুগিয়েছেন তাদের মধ্যে সর্বাগ্রে আছেন তিনি। আমার ধারণা তার মৃত্যুও রবিঠাকুরের মৃত্যু বিষয়ক অনেক লেখায় ছায়া ফেলেছে। আমার শুধু অবাক লাগে এটা ভেবে যে তার কথা ষ্পষ্ট করে কোথাও বলা হয়নি কেন? তার সঙ্গে সম্পর্কিত সব কিছুই নষ্ট করে ফেলা হয়েছে।"
ঠাকুর পরিবারের এক সদস্য সুপ্রিয় ঠাকুর বন্দনার ছবিটিকে নেহায়েৎ গল্প বলেই মন্তব্য করেছেন। নোবেল বিজয়ী কবির জীবনের সঙ্গে এর কোন সম্পর্ক নেই বলেন উল্লেখ করেন তিনি।
এক টেলিভিশন সাক্ষাৎকারে সুপ্রিয় বলেন, " রবীন্দ্রনাথ ও কাদম্বরী দেবীর মধ্যে কোন সম্পর্ক ছিল না। কবির বিয়ের কয়েক মাসের মধ্যে তার আত্মহত্যা করার বিষয়টি কাকতালীয়। এই ছবিটি নিষিদ্ধ হওয়া উচিত।"
রবীন্দ্রনাথের প্রচলিত একটা গানই ব্যবহার করা হয়েছে ছবিতে। বাকী গানগুলো রবীন্দ্রনাথের 'ভানুসিং ঠাকুরের পদাবলী' থেকে নেয়া হয়েছে যেখানে হিন্দি ও মৈথিলি ভাষা ব্যবহার করে বৈষ্ণব কবি বিদ্যাপতির ঢংয়ে কিছু কবিতা রচনা করেছিলেন রবীন্দ্রনাথ।
সুৃরকার ও গায়ক বাপ্পী লাহিড়ী ওই সব কবিতায় সুর সংযোজনার কাজটি করেন।
এ প্রসঙ্গে লাহিড়ী বলেন, " এটা আমাদের জন্য এক বিরাট সম্মান। সুর রচনার সময় আমাদের লক্ষ্য রাখতে হয়েছে যেন এগুলি রবীন্দ্রনাথের পরের গানগুলির সুরের মতো না মনে হয়।"
ছবির নির্বাহী প্রযোজক দীপক শর্মা বলেন, "জোড়াসাঁকোর পুরোনো বাড়িতে ছবির শুটিং করার অনুমতি পাওয়াটা ছিল খুবই কঠিন কাজ। এর অগে এই বাড়িতে কোন কাহিনী চিত্রের শুটিং হয় নি। অনুমতি পাওয়ার আগে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের কাছে চিত্রনাট্য জমা দিতে হয়েছিল।"
দীপক আরো বলেন, " বাজেটের স্বল্পতা সত্বেও আমরা ঠিক করেছিলাম যে করেই হোক ছবিটা বাস্তবানুগ করতে হবে। এ কারণেই ঠাকুর পরিবারের জোড়াসাঁকোর আদিনিবাসেই চিত্রায়নের কাজটি করেছি আমরা।"
ছবির শিল্প নির্দেশক রুপ চাঁদ কুন্ডুও এ ছবিতে কাজ করার চ্যালেঞ্জটি উপভোগ করেছেন পুরোমাত্রায়। পুরোনো ছবি দেখে দেখে অনেক অ্যান্টিক আসবাবপত্রের নকশা তৈরি করেছেন তিনি। এভাবেই ঠাকুর বাড়ির অন্দরমহলকে সেই আগের মতো করে সাজিয়েছেন কুন্ডু। পুরোনো ওই সব ছবি সংগ্রহ করেছেন শিল্পী সোমনাথ কুন্ডু। চরিত্রগুলির পোশাকের ব্যাপারে নেয়া হয়েছে একই রকম সতর্কতা।
ছবিটি সম্পর্কে সুপ্রিয় ঠাকুরের আবেদনের আগেই বিতর্ক তৈরি হয়েছিল। সেন্সর বোর্ড দীর্ঘদিন ছবিটি আটকে রেখেছিল।
এ সম্পর্কে বন্দনা বলেন, " বোর্ডের সঙ্গে অনেক লড়াই করতে হয়েছে আমাকে। কপাল ভাল, আমার কাছে প্রামাণ্য দলিল ছিল, সেগুলোর জন্য কোলকাতা যেতে হয়েছে আমাকে। গ্রন্থাগারে গিয়ে সব প্রমাণ সংগ্রহ করেছি। ১১ খন্ডের হিসেবের খাতাও পেয়েছি যেখানে ঠাকুর পরিবারের সবার খরচের হিসাব রাখা হতো। সেখান থেকেই আমি বের করেছি যে কাদম্বরীর মৃত্যুর বিষয়টি চাপা দেয়ার জন্য অনেককে অতিরিক্ত অর্থ দেয়া হয়েছে। কাদম্বরীর ডেথ সার্টিফিকেট যোগার করার চেষ্টা করেছি অনেক। কিন্তু যোগার করতে পারিনি। তবে তার যে একটা পোস্টমর্টেম হয়েছিল সে সম্পর্কে প্রমাণ যোগার করেছি।"
ছবিটি মুক্তি পেলে এ নিয়ে যে বিতর্ক হতে পারে সে সম্পর্কে তিনি কতটা সচেতন জানতে চাইলে বন্দনা বলেন, " আমি জানি একটা দল এই ছবির বিরুদ্ধে অভিযোগ তুলবেই। যাই হোক আমি কিন্তু এখনো ছবিটিকে কাদম্বরীর অজানা গল্প হিসেবেই তুলে ধরছি আর ছবিটি এই চমৎকার মহিলার প্রতি আমার শ্রদ্ধাঞ্জলি।"
বিডিনিউজটুয়েন্টফোরডটকম/এমআইআর/১৩০৬ ঘ
bdnews24