সেপ্টেম্বর ১ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- অমিতাভ বচ্চনের বাড়ির সামনে আত্মহত্যার চেষ্টা করেছেন এক বচ্চন ভক্ত। বুধবার ভারতের মুম্বাইয়ের জুঁহুতে কলকাতা থেকে আসা অঙ্কুর সিং (২৩) অমিতাভের কাছে একটি গাড়ি দাবি করেন। গাড়ি না দিলে তিনি 'জলসার ' সামনেই আত্মহত্যা করার উদ্যোগ নেন। খবর ভারতীয় ওয়েবসাইটের।
এর আগে ২৫ আগস্ট জলসার বাইরে অঙ্কুর সিং এর সঙ্গে অভিনেতার সাক্ষাৎ ও কয়েক মিনিট কথা হয়। অন্যান্য ভক্তদের সঙ্গে যেভাবে কথা বলেন সেভাবেই শুরু করেন অমিতাভ। কথা বলার সময় গাড়ির দাবিটি জানান অঙ্কুর। বিষ্মিত অমিতাভ বচ্চন নিজেকে সামলে ঠান্ডা ভাবেই সিংকে বলেন এটা তার পক্ষে সম্ভব নয়। আলাপচারিতার সময় অমিতাভ বুঝতে পারেন, সিং গরিব এবং বেকার। নিরাপত্তা রক্ষীদের অমিতাভ বলেন সিংকে পাঁচ হাজার টাকা এবং কলকাতার ট্রেনের একটি টিকেট কেটে দিতে।
জুহু পুলিশ প্রধান প্রদীপ সিন্ধে জানান, "ওই সময় ভক্তটি চলে যায় কিন্তু তিনদিন পরে সে আবার ফিরে আসে এবং নিরাপত্তা রক্ষীদের সঙ্গে তুচ্ছ বিষয় নিয়ে তুমুল ঝগড়ায় লিপ্ত হয়।"
সিন্ধে উল্লেখ করেন, " সে রক্ষীদের হতচকিত করে দিয়ে বলে, 'এই জনমে অমিতাভ আমার বন্ধু হতে পারল না কিন্তু মৃত্যুর পরে সে নিশ্চয়ই আমার বন্ধু হবে। আজ জলসা থেকেই আমার জানাজা বের হবে।' এই বলে সে এক বোতল ফিনাইল গিলে ফেলে।"
নিরাপত্তা রক্ষীরা ঘটনাটি জুহু পুলিশকে জানালে তারা সিংকে কুপার হাসপাতালের আইসিইউতে ভর্তি করে। বচ্চন এ প্রসঙ্গে জানান, " আমার জানামতে ঘটনাটি আমার বাড়ির বাইরে ঘটেছে। আর সে সময় আমি বাড়িতে ছিলাম না।"
সিংকে জেনারেল ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়েছে। জুহু পুলিশ প্রধান সিন্ধে বলেছেন যে হাসপাতাল থেকে ছাড়া পাওয়া মাত্রই আত্মহত্যর প্রচেষ্টার অভিযোগে তাকে গ্রেফতার করা হবে।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এএন/এমআইআর/১৯৪২ ঘ
bdnews24