আগস্ট ৩১ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- রাজস্থানের উচ্চ আদালত জামিনে মুক্তি দিয়েছে বলিউড তারকা সালমান খানকে। চিঙ্কারা হরিণ শিকারের দায়ে গত শনিবার থেকে জেল খাটছিলেন খান। ওই অপরাধে আদালত তাকে ৫ বছরের কারাদন্ড দেয়। খবর ভারতীয় সংবাদ সংস্থার।
আদালতে সালমান খানের জামিনের আবেদনের প্রেক্ষিতে শুনানীর পর সিকিউরিটি হিসেবে ১ লাখ রুপি ও ৫০ হাজার রুপির বন্ড দেয়া সাপেক্ষে তার জামিন মঞ্জুর করা হয়।
মামলার পরবর্তী শুনানীর দিন ধার্য করা হয়েছে ২৪ অক্টোবর।
সালমানের আইনজীবী দীপেশ মেহতা জানান, "বিস্তারিত শুনানীতে উভয়পক্ষের বক্তব্য শোনার পর মহামান্য আদালত সালমানের ৫ বছরের কারাদন্ডাদেশ স্থগিত করেছে এবং শর্তসাপেক্ষে তার জামিন মঞ্জুর করেছে।"
ধর্মঘট সত্ত্বেও যোধপুরের আদালতের কর্মচারী ও আইনজীবীরা যে সহযোগিতা দেখিয়েছেন সে জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন দীপেশ। উল্লেখ্য, রাজস্থান হাই কোর্টের মেইন বেঞ্চ জয়পুরে নিয়ে যাওয়ার প্রতিবাদে স্থানীয় আইনজীবীরা গত ৩০ বছর ধরে মাসের শেষ কার্যদিবসটি আদালত বর্জন করে আসছিলেন। তবে সালমানের খাতিরে আইনজীবী সমিতি শুক্রবার এ ব্যাপারে আইনজীবীদের বিশেষ অনুমতি প্রদান করে।
বিচারপতিদের প্রত্যখ্যানের কারণে বুধবারে শুনানী হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত শুক্রবারে তা অনুষ্ঠিত হলো।
আদালতে সালমানের পক্ষে বক্তব্য রাখেন দীপেশ মেহতা ও সুপ্রিম কোর্টের এক আইনজীবী উদয় ললিত।
জি নিউজে সালমানের সাবেক ড্রাইভার হরিশ দুলানীর সাক্ষাৎকারের ভিত্তিতে দীপেশ সালমানের জামিন ও রিভিশন পিটিশনের আবেদন করেন।
হরিশ এর আগে সালমানের হরিণ শিকারের প্রত্যক্ষদর্শী হিসেবে সাক্ষ্য দিলেও জি নিউজের সাক্ষাৎকারে সেই বক্তব্য অস্বীকার করে এই বলে যে, পুলিশের ভয়ে সে ওই সাক্ষী দিতে বাধ্য হয়েছিলো।
জামিনের রায় ঘোষণার সময় আদালতে হাজির ছিলেন সালমানের বোন আলভিরা। শুনানীর সময় নার্ভাসভাবে একটা বই নাড়াচাড়া করলেও রায় ঘোষণার সময় আনন্দে তিনি কেঁদে ফেলেন।
১৯৯৮ সালের ২৮ সেপ্টেম্বর যোধপুরে ব্লকবাস্টার চলচ্চিত্র 'হাম সাথ সাথ হ্যায়' ছবির শুটিং করার সময় বিপন্ন প্রজাতির চিঙ্কারা হরিণ শিকার করেন সালমান খান। রাজস্থানে চিঙ্কারা হরিণ শিকার নিষিদ্ধ।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমআইআর/১৯৫৮ ঘ.
bdnews24