আগস্ট ২৯ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- বিখ্যাত ৫ সুরকারের সুরে গান করবেন শিল্পী রুনা লায়লা। ঈদে এনটিভির জন্য নির্মিত একক সঙ্গীতানুষ্ঠানে প্রচারিত হবে গানগুলো। এ ধরনের উদ্যোগে এই প্রথমবারের মতো নিজেকে সম্পৃক্ত করলেন শিল্পী।
ড্রিমডেক্স স্টুডিওতে ইতিমধ্যে ২টি গানের রেকর্ডিং হয়েছে। মুন্সী ওয়াদুদের লেখা 'ফুলের গন্ধে ঘুম আসেনি' আর জাহিদ আকবরের ' কতোটা সুখী...' গান দুটিতে সুর দিয়েছেন শেখ সাদী খান ও মকসুদ জামিল মিন্টু। বাকী তিনটি গানে সুরারোপ করবেন আলম খান, আলাউদ্দিন আলী ও ইমন সাহা।
খুব শীঘ্রই বাকী গানগুলোর রেকর্ডিং শুরু হবে। সবগুলো গানের চিত্রায়ন হবে ঢাকার বিভিন্ন লোকেশনে।
এ ব্যাপারে একক সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠানটির প্রযোজক দীপু মাহমুদ জানান, "ঈদের আয়োজনে দর্শকদের জন্য অন্যতম আকর্ষণ হিসেবে থাকবে এই সঙ্গীতানুষ্ঠান। প্রথমবারের মতো ৫ সুরকারের সুরে একই অনুষ্ঠানে গাইছে জনপ্রিয় এ শিল্পী। এর চিত্রায়নেও থাকবে ভিন্নতা।"
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসবিটি/এমআইআর/১৯৪৯ ঘ
bdnews24