আগস্ট ২৮ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- বলিউড অভিনেতা সালমানের বাবা সেলিম খান এবং মা সালমাকে সোমবার যোধপুর জেল থেকে হতাশ হয়ে ফিরতে হয়েছে। কারারুদ্ধ পুত্রের সঙ্গে তাদের সাক্ষাতের অনুমতি দেয়নি কারা কর্তৃপক্ষ। খবর ভারতীয় ওয়েবসাইটের।
সালমানের বাবা মা উভয়ই বিকেলে শহরে এসে পৌঁছান এবং সরাসরি যোধপুর সেন্ট্রাাল জেলে সালমানের সঙ্গে দেখা করতে যান। উল্লেখ্য ১৯৯৮ সালে বিলুপ্তপ্রায় চিঙ্কারা হরিন শিকারের দায়ে তিনি কারা দন্ড ভোগ করছেন। জেল কোডা অনুযায়ী সালমান খান প্রতি ১৫ দিনে মাত্র তিন জনের সঙ্গে সাক্ষাত করতে পারবেন এবং ইতিমধ্যেই রোববার তার ভাই আরবাজ, বোন অলিভিরা এবং বান্ধবী ক্যাটরিনা কাইফ তার সঙ্গে দেখা করেছেন।
সালমানের মায়ের অসুস্থতার কারণ দেখিয়ে তার বাবা সালমানের সঙ্গে সাক্ষাতের অনুমতি প্রার্থনা করেছিলেন। কিন্তু তাদেরকে জেলের ভেতর ঢুকতে দেয়া হয়নি । সিনিয়র জেল কর্মকর্তা মি: ওতারাম বলেন, "বিকেল তিনটে থেকে পাঁচটার মধ্যে দর্শনার্থীদের সাক্ষাতের অনুমতি দেয়া হয় । যেহেতু তারা দেরিতে এসেছিলেন তাই অনুমতি দিইনি।"
সালমানের ভাই সোহেল খান বলেন আমি আমার বাবা মাসহ সালমানের সঙ্গে দেখা করার অনুরোধ নিয়ে জেলে গিয়েছিলাম। কিন্তু জেল কর্তৃপক্ষ নির্ধারিত সময় পার হয়ে যাওয়ায় আমাদের সাক্ষাত করার অনুমতি দেয়নি।" তারা ৩০ মিনিট জেলের ভেতর অপেক্ষা করেছিলেন।
এর আগে জেল কর্তৃপক্ষ বলেছিল , "দর্শক নন্দিত এ বন্দীকে কোন বিশেষ সুযোগ দেয়া হবেনা।" মি: ওতারাম বলেছেন , "১৫ দিনের মধ্যে তিন জন দর্শনার্থী তার সঙ্গে সাক্ষাত করতে পারবে এবং এক্ষেত্রেও আমরা কারা বিধি অনুসরণ করব।"
বর্তমানে বাবা মা যোধপুরে থাকায় সালমান পরিবারের সব সদস্যই যোধপুরে অবস্থান করছেন। বুধবার তার জামিন হলে ছেলেকে সঙ্গে নিয়েই মুম্বাই ফিরে যাওয়ার আশায় আছেন তারা।
১৯৯৮ এর ২৮ সেপ্টেম্বর যোধপুরের কাছাকাছি গোদা ফার্মে সুরাজ বারজাতিয়ার বিশাল বাজেটের ছবি 'হাম সাথ সাথ হ্যায় ' ছবির শুটিং চলাকালে একটি চিঙ্কারা হরিন শিকারের দায়ে ৫ বছরের কারাদন্ড দেয়া হয়েছে সালমানকে।
একজন আইনজীবী জানান, "আদালত বুধবার নথি পত্র চাইতে পারেন অথবা তার জামিন মঞ্জুর করতে পারেন । যদি যোধপুর হাইকোর্ট নিম্ন আদালত থেকে দলিল পত্র তলব করে তাহলে মামলাটি ৩ সেপ্টেম্বর পর্যন্ত গড়াতে পারে।"
শুক্রবার জেলা এবং সেশন কোর্ট তাকে দেয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের পাঁচ বছরের কারাদন্ড বাতিলের আবেদন নাকচ করে দিয়েছেন।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এএন/এমআইআর/২১০৯ ঘ
bdnews24