২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিনিপর্দার প্রযোজক ফেরদৌস

বড় পর্দার ব্যস্ত নায়ক ফেরদৌস এবার আসছেন ছোট পর্দায়। তবে নায়ক নয়, প্রযোজক হিসেবে। ফেরদৌসের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান সিনেমাস্কোপ প্রডাকশনের ব্যানারে নির্মিত হয়েছে ১৩ পর্বের ধারাবাহিক নাটক ' ১১১ এ নেলসন নাম্বার'। এ নাটকের মাধ্যমেই ছোট পর্দায় প্রযোজক হিসেবে অভিষেক হবে চিত্রনায়কের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2007, 02:37 PM

Updated : 26 Aug 2022, 08:30 PM

আগস্ট ২৭ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- বড় পর্দার ব্যস্ত নায়ক ফেরদৌস এবার আসছেন ছোট পর্দায়। তবে নায়ক নয়, প্রযোজক হিসেবে। ফেরদৌসের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান সিনেমাস্কোপ প্রডাকশনের ব্যানারে নির্মিত হয়েছে ১৩ পর্বের ধারাবাহিক নাটক ' ১১১ এ নেলসন নাম্বার'। এ নাটকের মাধ্যমেই ছোট পর্দায় প্রযোজক হিসেবে অভিষেক হবে চিত্রনায়কের। নাটকটির রচনা ও পরিচালনায় রয়েছেন তরুণ নির্মাতা নঈম ইমতিয়াজ নেয়ামুল। ভৌতিক কাহিনী নির্ভর নাটকটির কেন্দ্রে রয়েছে বিশ্ববিদ্যালয়ের একটি কক্ষ যার নম্বর ১১১। প্রেমঘটিত ব্যাপারে এ রুমে আত্মহত্যা করে রুমের এক ছাত্র। তারপর থেকে এই রুমে বসবাসরত ছাত্ররা অদ্ভুত সব ঘটনার শিকার হয়। ভৌতিক এমনি সব ঘটনা নিয়ে এগিয়েছে ধারাবাহিকটির কাহিনী। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছে আনিসুর রহমান মিলন, অপূর্ব, তিশা, ইমন, হোমায়রা হিমু, অমিতাভ প্রমুখ। খুব শীঘ্রই নাটকটির প্রচার শুরু হবে স্যাটেলাইট চ্যানেল এনটিভিতে। এছাড়াও বদরুল আনাম সৌদ ও রুপক রায়ের লেখা দুটি একক নাটকও নির্মিত হবে ফেরদৌসের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে। এ ব্যাপারে নায়ক ফেরদৌস জানান, " বড় পর্দায় সাফল্যের ধারাবাহিকতায় এবার এলাম ছোট পর্দায়। আশা করি দর্শকরা আমাকে বিমুখ করবেন না।" '১১১' প্রসঙ্গে অভিনেতা বলেন, " নবীন হলেও নির্মাতা হিসেবে নঈম ভাল কাজ করেছে। নাটকটি দর্শকদের ভাল লাগবে বলে আমি আশাবাদী।" বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসবিটি/এমআইআর/ ২০৩৫ ঘ