আগস্ট ২৪ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- জেল থেকে বেরিয়ে অপেক্ষমান ভক্তদের জন্য খুব বেশি সময় দিতে পারেননি সঞ্জয়। দ্রুতই গাড়ির ভিতরে ঢুকে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন। ঢোকার সময় না হলেও তার ফিরে আসার খবরে পরে ভিড় জমে যায় তার মুম্বাইয়ের পালি হিলের বাসার সামনে।
এক বিবৃতিতে তার ভক্তদের উদ্দেশ্যে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন বলিউড তারকা। সঞ্জয় বলেন, "আমার জীবনের এই দারুন সময়ে যারা আমার জন্য প্রার্থনা করেছেন তাদের সকলের প্রতি আমি সবিনয়ে কৃতজ্ঞতা জানাই। এই দুর্যোগের মুহূর্তে যারা আমার ও আমার পরিবারে পাশে দাড়িয়েছেন তাদেরও জানাই ধন্যবাদ। পুনের জেলখানার বাইরে আমার যে সব ভক্তরা আমার জন্য এতোদিন অপেক্ষ করেছেন তাদের প্রতিও আমার কৃতজ্ঞতার শেষ নেই। আমি দুঃখিত যে তাদের সঙ্গে দেখা করা সম্ভব হয়ে ওঠেনি। আপনাদের ভালবাসায় আমি অভিভূত। আমি যখন জেলে ছিলাম তখন ভিতরে থেকেও আপনাদের কণ্ঠস্বর শুনেছি যা আমাকে উজ্জীবিত রেখেছে।
আমার জামিনের এই সংক্ষিপ্ত সময়টা আমি আমার আইনজীবীদের সঙ্গে শলাপরামর্শ করতে চাই। বিচার ব্যবস্থার প্রতি আমার পূর্ণ আস্থা আছে। আইনকে আমি সম্মান করি এবং আমি আইন মেনে চলবো।
চলচ্চিত্র শিল্পের যে সকল সহকর্মী, বন্ধুরা আমাকে সমর্থন দিয়েছেন তাদের সকলকে আমি আবারো ধন্যবাদ জানাই।
বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই আমার পরিবারের সদস্যদের প্রতি তাদের নিঃশর্ত ও অফুরান ভালবাসা ও সমর্থনের জন্য।"
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমআইআর/১৭২৭ ঘ.
bdnews24