আগস্ট ২১ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- ভারতের বিশিষ্ট সেতারবাদক রবি শঙ্কর তনয়া আনুশকা শঙ্কর এর নতুন অ্যালবাম প্রকাশ হবে আগামী সপ্তাহে নিউ ইয়র্কে। 'ব্রেদিং আন্ডার ওয়াটার' শীর্ষক এক প্রিমিয়ার কনসার্টের মধ্য দিয়ে প্রকাশ করা হবে অ্যালবামটি। খবর ভারতীয় ওয়েবসাইটের।
সঙ্গীতজ্ঞ কার্শ কালের সহযোগিতায় নির্মিত অ্যালবামে ভারতীয় ক্লাসিকাল, ইলেকট্রোনিকা ও ফোক এর মিশেল থাকবে। লন্ডনে জন্ম নেয়া নিউ ইয়র্কে বেড়ে ওঠা কালে এই অ্যালবামে ভারতীয় ঐতিহ্যের সঙ্গে রক এন রোল, হিপ হপ ও পপের মধ্যে একটা ভারসাম্য বজায় রাখার চেষ্টা করেছেন।
ম্যানহাটন রেকর্ডস এই অ্যালবামটি প্রকাশ করছে। প্রকাশনা অনুষ্ঠানে বিশিষ্ট সঙ্গীতশিল্পীদের মধ্যে উপস্থিত থাকবেন স্টিং, রবি শঙ্করের আরেক কন্যা নোরা জোন্স, পন্ডিত রবি শঙ্কর নিজে, বিশ্ব মোহন বাটসহ আরো অনেকে।
দু বছর আগে প্রকাশিত প্রথম অ্যালবাম 'রাইজ' এর সুবাদে আনুশকা বেস্ট কন্টেম্পোরারি ওয়ার্ল্ড মিউজিক ক্যাটাগরিতে গ্রামি মনোনয়ন পেয়েছিলেন।
২০ অক্টোবর নিউ ইয়র্কের কার্নেগি হলে আনুশকা তার বাবার সঙ্গে এক কনসার্টে অংশ নেবেন।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমআইআর/১৭২৫ ঘ
bdnews24