নিউ ইয়র্ক, আগস্ট ২০ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- আমেরিকার ভারতীয় বিদ্যাভবন অমিতাভের বাবা হরিবংশ রাই বচ্চনের জন্ম শতবার্ষিকি পালন করে প্রতি বছর। এ বছর সেই জন্মবার্ষিকীর অনুষ্ঠানে অমিতাভ তার বাবার লেখা কবিতা আবৃত্তি করেছেন। অনুষ্ঠানে অমিতাভ তার বাবার বিখ্যাত 'মধুশালা' কাব্যগ্রন্থ থেকেও আবৃত্তি করেন।
হরিবংশ রাইয়ের লেখা কবিতার উপর ভিত্তি করে তৈরি 'জীবন' নৃত্যনাট্য উপস্থাপন করেন বিখ্যাত কত্থক নৃত্যশিল্পী এবং কোরিওগ্রাফার ভাস্বতী মিশ্র ও তার দল।
ভবন কর্তৃপক্ষ অমিতাভকে একটি স্মৃতি স্মারক উপহার দেন। অনুষ্ঠানে পুষ্প ভারতী সম্পাদিত হরিবংশ রাইকে নিয়ে লেখা একটি বইয়ের মোড়কও উম্মোচন করা হয়।
অমিতাভ তার বক্তব্যে বলেন, বিশ্বায়নের ফলে ভারতীয় চলচ্চিত্র বর্তমানে ইউরোপ, আমেরিকায়ও বেশ ভালো সাড়া ফেলেছে।
বিবিসির জরিপে শতাব্দী সেরা অভিনেতা অমিতাভ বচ্চন প্রায় ১৫০টি ছবিতে অভিনয় করেছেন।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমডিএস/এমআইআর/১৭৩৬ ঘ.
bdnews24