আগষ্ট ১৮ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- পরিচালক বুদ্ধদেব দাশগুপ্তের উপর যেনো পুরস্কারের বৃষ্টি পড়ছে। এই তো কয়েকদিন আগে তিনি 'কালপুরূষ' চলচ্চিত্রের জন্য ভারতীয় জাতীয় পুরস্কার পেলেন। সেটার রেশ কাটতে না কাটতেই তিনি একটি আর্ন্তজাতিক পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। গ্রিসের বিখ্যাত 'গোন্ডেন এথেনা অ্যাওয়ার্ড'এর জন্য মনোনয়ন পেয়েছেন তিনি।
এথেন্সের ইন্টারন্যাশন্যাল ফিল্ম ফেস্টিভ্যাল (এআইআফএফ) এই পুস্কার দিয়ে থাকে। এবারের উৎসবে ২০ থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে পশ্চিম বাংলার নামকরা এই পরিচালকের সাতটি চলচ্চিত্র প্রদশর্নী হবে।
বুদ্ধদেব জানান, "আমি কিছুক্ষন আগে গ্রিস থেকে এই সংবাদ পেলাম। খবরটা শুনে আমার বেশ খুশি লাগছে।"
এদিকে এআইএফএফ উৎসবের পরিচালক ওরেটিস আন্ড্রেডাকিস বুদ্ধদেবের কাছে যে চিঠিটি পাঠিয়েছেন সেটাতে লেখা আছে, "আপনার চমৎকার চলচ্চিত্র তৈরির স্বীকৃতিস্বরূপ আপনি যদি এথেনা পুরস্কার গ্রহন করেন তাহলে আমরা সত্যিই খুব আনন্দিত হবো।"
এর আগে চলচ্চিত্র পরিচালক কিম কি দুক, ড্যানিয়েল ডে লুইস এবং কস্টাস গ্রাভাস গোল্ডেন এথেনা পুরস্কার পেয়েছিলেন।
বুদ্ধদেব জানান, "এআইএফএফ আমার 'আমি, ইয়াসিন আর আমার মধুবালা' চলচ্চিত্রটি খুব পছন্দ করেছে।"
এআইএফএফ পৃথিবীতে একমাত্র চলচ্চিত্র উৎসব যেখানে চলচ্চিত্রের উপর পড়াশোনারত তরুণ ছাত্ররা জুরি বোর্ডের সদস্য। এদের সবার বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে এবং তারা ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশের অধিবাসী।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এবি/এসএন/ ২২৪২ ঘ.
bdnews24