ঢাকা, আগস্ট ১৮ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) --- মৌসুমী ও পূর্নিমার সঙ্গে এর আগে অভিনয় করলেও এই প্রথমবারের মতন পপির সঙ্গে একই ছবিতে অভিনয় করতে যাচ্ছেন জনপ্রিয় নায়িকা শাবনূর।
আর তাদেরকে নিয়ে কাজটি যিনি করবে তিনি সময়ের আলোচিত পরিচালক পি.এ. কাজল। গত সপ্তাহে মুক্তিপ্রাপ্ত তার পরিচালিত 'আমার প্রাণের স্বামী' দারুন জনপ্রিয়তা পেয়েছে। হয়েছে ব্যবসাসফল।
শাবনূর-পপি অভিনীত নতুন এ ছবির নাম 'এক টাকার বউ'। তবে ছবির নায়ক একজনই, শাকিব খান। ছবিতে রাজ্জাক, শিশু শিল্পী দীঘিসহ আরো অনেকে অভিনয় করবেন। ছবিটির শুটিং শুরু হবে নভেম্বরে।
ছবিটি সম্পর্কে এর পরিচালক পি.এ. কাজল বলেন, আমি চেষ্ঠা করি ভিন্ন কিছু করার। এ ছবিতে দুই নায়িকাকে সমান গুরুত্ব দিয়ে কাহিনী সাজিয়েছি আমি। ভাল সিনেমা ও দর্শকদের হলমুখী করার জন্য শীর্ষ নায়িকাদের একসঙ্গে কাজ করা উচিত। যেটা আমাদের পার্শ্ববতী দেশে রয়েছে। সিনেমাকে দর্শকদের কাছে গ্রহনযোগ্য করতে চাইলে জনপ্রিয় নায়িকাদের এক সঙ্গে কাজ করার বিকল্প নেই।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসবিটি/এমডিকে/২১২২ ঘ.
bdnews24