২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এ আর রহমানের নতুন অ্যালবামে সিয়াচেনের দৃশ্য আছে

ভারতের জাতীয় সঙ্গীতের উপর ভিত্তি করে যে নতুন মিউজিক অ্যালবাম প্রকাশ করেছেন এ আর রহমান তার একটি অংশে ২১ হাজার ফুট উপরের সিয়াচেন গ্লেসিয়ারে কর্তব্যরত ভারতীয় সৈন্যদের দেখানো হয়েছে। হেলিকপ্টারের মাধ্যমে পৃথিবীর সর্বোচ্চ ওই যুদ্ধক্ষেত্রের ছবি ধারণ করা হয়। খবর ভারতীয় ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2007, 02:30 PM

Updated : 26 Aug 2022, 08:27 PM

আগস্ট ১৫ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- ভারতের জাতীয় সঙ্গীতের উপর ভিত্তি করে যে নতুন মিউজিক অ্যালবাম প্রকাশ করেছেন এ আর রহমান তার একটি অংশে ২১ হাজার ফুট উপরের সিয়াচেন গ্লেসিয়ারে কর্তব্যরত ভারতীয় সৈন্যদের দেখানো হয়েছে। হেলিকপ্টারের মাধ্যমে পৃথিবীর সর্বোচ্চ ওই যুদ্ধক্ষেত্রের ছবি ধারণ করা হয়। খবর ভারতীয় ওয়েবসাইটের। ভারতের স্বাধীনতা দিবসের প্রাক্কালে শনিবার বের হয়েছে 'জনগনমন' নামের অ্যালবামটি। চেন্নাইয়ের স্পেন্সার প্লাজার চেন্নাই মিউজিক ওয়ার্ল্ড স্টোরে সংক্ষিপ্ত প্রকাশনা অনুষ্ঠানটি হয়। এই ডিভিডি অ্যালবামটি প্রযোজনা করেছেন ভারতবালা প্রডাকশন্স। এরা বিবিসির জন্য 'হরি ওম' ছবিটি তৈরি করেছিলেন। এ আর রহমানের নতুন অ্যালবামটিতে ৩৫টি সাউন্ডট্র্যাক রয়েছে। এর মধ্যে আছে এ আর রহমানের সুরে লতা মুঙ্গেশকার, আশা ভোঁশলে, বালমুরারীকৃষ্ণসহ কর্নাটকি গায়ক ডি কে পাত্তামাল ও এস পি বালসুব্রামানিয়ামের গাওয়া গান। অ্যালবাম প্রকাশনা অনুষ্ঠানে রহমান বলেন, "আমি জানি না একটা প্রজেক্টে এর আগে এতো খ্যাতনামা শিল্পীদের সঙ্গে কাজ করার সুযোগ আর কেউ পেয়েছে কিনা। বিখ্যাত ব্যাক্তিত্বদের মধ্যে সাধারণত যে ব্যাক্তিত্ত্বের সংঘাত দেখা দেয় এখানে সেসব কোন সমস্যাও দেখিনি। সবাই এতো দারুন আর নিঃশর্তভাবে এই অ্যালবামের জন্য সহযোগিতা করেছেন যে আমি অভিভূত।" এ আর রহমান জানিয়েছেন ভারতের স্বাধীনতা সংগ্রামের মলিন হয়ে যাওয়া স্মৃতিকে পুনর্জীবিত করার উদ্দেশ্য নিয়েই অ্যালবামটি করা হয়েছে। সুরকার বলেন, "স্বাধীনতার জন্য আমাদের কীরকম ত্যাগ তিতিক্ষার ভিতর দিয়ে যেতে হয়েছে সেটা আমরা অনেকেই বুঝি না। স্বাধীনতার লড়াই করতে গিয়ে অনেক দেশ প্রায় ধ্বংস হয়ে যাচ্ছে। ইজরায়েল, প্যালেস্টাই, আফগানিস্তানের দিকে তাকালেও আমরা স্বাধীনতার গুরুত্বটা আমরা বুঝতে পারবো। সুতরাং স্বাধীনতাকে যতটা মূল্য দেওয়া উচিত আমরা যেন তা দিই।" ১৯৯৭ সালে ভারতের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে 'বন্দে মাতরম' নামে আরেকটি দেশাত্মাবোধক গানের অ্যালবাম বের করেছিলেন এ আর রহমান। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমআইআর/২০২০ঘ