আগস্ট ১২ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- বাংলা একাডেমীর পুরস্কারপ্রাপ্ত শিশু সাহিত্যিক ফরিদুর রেজা সাগরের গল্প 'একাত্তরের ওরা' নিয়ে চলচ্চিত্র নির্মাণ করবেন বাংলা একাডেমী পুরস্কারপ্রাপ্ত আরেক শিশু সাহিত্যিক আমীরুল ইসলাম ও অভিনেতা শহীদুল আলম সাচ্চু। ছবির নামও হবে 'একাত্তরের ওরা'।
মুক্তিযুদ্ধের পটভূমিকায় রচিত এই গল্প নিয়ে চলচ্চিত্র পরিচালনা প্রসঙ্গে পরিচালকদ্বয় বলেন, "চলচ্চিত্র নির্মাণের স্বপ্নটা ছিল অনেক আগে থেকেই। শিশুদের নিয়ে খুব বেশি চলচ্চিত্র তৈরি হয়নি আমাদের এখানে। 'একাত্তরের ওরা' গল্পটি আমাদের দুজনের খুবই পছন্দের। সাগর ভাই এই গল্প নিয়ে সিনেমা নির্মাণের অনুমতি দেয়ায় আমরা চলচ্চিত্র পরিচালক সমিতির সঙ্গে যোগাযোগ করি। সমিতি দ্রুত আমাদের চলচ্চিত্র নির্মাণের অনুমতি দিয়েছেন। তাদের প্রতি আমরা কৃতজ্ঞ।"
এরই মধ্যে চলচ্চিত্র পরিচালনার জন্য বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি থেকে ছবি পরিচালনার জন্য প্রত্যয়নপত্র লাভ করেছেন নতুন দুই পরিচালক আমীরুল ইসলাম ও শহীদুল আলম সাচ্চু।
ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় অক্টোবর থেকে এই ছবির কাজ শুরু করবেন পরিচালকদ্বয়।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসবিটি/এমআইআর/১৯১৩ ঘ
bdnews24