আগস্ট ১২ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- মা হতে চলেছেন ঐশ্বরিয়া রাই বচ্চন এমন খবর ভারতসহ বাংলাদেশেরও কিছু গনমাধ্যমে প্রচার পেয়েছে শনিবার। অভিষেক বচ্চনের বরাত দিয়ে রবিবার ভারতের একাধিক সংবাদ মাধ্যম জানিয়েছে খবরটি সঠিক নয়।
অভিষেক সাংবাদিকদের বলেন যে তার স্ত্রী এখন তুমুল ব্যস্ততার মধ্য দিয়ে দিন অতিবাহিত করছেন। এ সময়টা তার মা হওয়ার উপযুক্ত সময় নয়।
অভিষেক জানিয়েছেন আগামী ২ বছর অ্যাশ চলচ্চিত্রে তুমুল ব্যস্ততার মধ্যে থাকবেন। 'সরকার রাজ' ছবির শুটিংয়ের পর তিনি চলে যাবেন ইউরোপে 'পিঙ্ক প্যান্থার টু' ছবির শুটিংয়ের কাজে।
স্টিভ মার্টিনের বিপরীতে ওই ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন এই সাবেক বিশ্ব সুন্দরী। ছবিটিতে আরো থাকবেন হলিউডের খ্যাতনামা অভিনেতা অ্যান্ডি গার্সিয়া, জন ক্লিজ ও আলফ্রেড মলিনা।
কলম্বিয়া পিকচার্স ও এমজিএম এর ব্যানারে নির্মিতব্য ছবিটিতে এক গোয়েন্দার চরিত্রে অভিনয় করবেন অ্যাশ।
আগামী বছরের শুরুর দিকে তরুন মনসুখানি পরিচালিত একটি ছবিতেও অভিনয় করার জন্য ইতিমধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন ঐশ্বরিয়া। করন জোহর প্রযোজিত ছবিটিতে তার সঙ্গে অভিনয় করবেন অভিষেক বচ্চন।
ফলে এতোসব ব্যস্তার মধ্যে সংসার বড়ো করার কাজটি করা তার পক্ষে সম্ভব হবে না বলেই জানান অভিষেক।
৩৩ বছরের এই বলিউড হার্টথ্রব বর্তমানে হায়দ্রাবাদা 'সরকার রাজ' ছবির শুটিংয়ে ব্যস্ত আছেন।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমআইআর/১৬৪৯ ঘ
bdnews24