আগস্ট ১১ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- শুধু রাজনীতিবিদ বা ব্যবসায়ী নন। বাংলাদেশের রুপালি পর্দা তথা শোবিজ দুনিয়ার জনপ্রিয় অনেক তারকার রয়েছে লাখ লাখ টাকার অঘোষিত অর্থ। ইতিমধ্যে অঘোষিত অর্থ বৈধ করার সুযোগ নিয়েছেন ১২ তারকা । অঘোষিত অর্থ বৈধ করার জাতীয় রাজস্ব বোর্ডের দেয়া সুযোগ নিয়েছেন তারা। সময় বাড়ানোর ফলে আরো অনেক অভিনেতা-অভিনেত্রীসহ তারকারা এ সুযোগ নেবেন -- এমন আশা করছেন রাজস্ব কর্মকর্তারা।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্র জানায়, বর্তমানে দেশে চলচ্চিত্র, নাটক ও সংগীতাঙ্গনের তারকা ব্যাক্তিত্ত্বদের অঘোষিত অর্থ কোনো অংশে কম নয়। ৩১ জুলাই পর্যন্ত ১২ জন অভিনেতা-অভিনেত্রী জরিমানাসহ সরকার নির্ধারিত কর দিয়ে অঘোষিত অর্থ বৈধ করেন। এ ১২ তারকা ৩৬ লাখ ৪৪ হাজার ২৯৭ টাকা কর দিয়ে মোট ১ কোটি ৬১ লাখ ৫৪ হাজার টাকা বৈধ করেছেন।
রাজস্ব বোর্ড অঘোষিত অর্থ বৈধ করার এ সময়সীমা ইতিমধ্যেই ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়েছেন।
এবার অঘোষিত অর্থ বৈধ করা তারকার সংখ্যা গতবারের চেয়ে কম। ২০০৫-'০৬ অর্থবছরে সাইফুর রহমানের দেয়া কালো টাকা সাদা করার সুযোগ গ্রহণ করেন ২৫ তারকা। তখন মাত্র সাড়ে ৭ শতাংশ কর দিয়ে কাজটি করেছিলেন তারা।
এনবিআর কর্মকর্তারা জানান, কর সম্পর্কে তারকাদের অনেকের মধ্যেই কোনো পরিস্কার ধারণা নেই। সে কারণেই তারা এ বিষয়ে করণীয় সম্পর্কে কিছুই জানেন না।
এবার সাংস্কৃতিক অঙ্গণে সর্বোচ্চ ১০ লাখ টাকা কর দিয়ে প্রায় ৪০ লাখ টাকা অঘোষিত অর্থ বৈধ করেছে নৃত্যাঞ্চল। এ সংগঠন পরিচালনার দায়িত্বে রয়েছেন দেশের দুই বিশিষ্ট নৃত্যশিল্পী শামিম আরা নিপা ও শিবলী মোহাম্মদ।
জাতীয় রাজস্ব বোর্ডে কর ও জরিমানা দিয়ে তাদের নিজেদের অঘোষিত অর্থ বৈধ করেছেন কি না জানতে চাইলে জনপ্রিয় নৃত্যশিল্পী শামীম আরা নীপা বলেন, "আমি আমার আয়কৃত অর্থের নিয়মিত কর দিই। আমার কোনো অঘোষিত অর্থ নেই যে বৈধ করার প্রয়োজন পড়বে।"
নৃত্যশিল্পী শিবলী মোহাম্মদ বলেন, "আমার আয়ের বেশির ভাগই আসে বিদেশে শো থেকে। ব্যাংকের মাধ্যমেই বিদেশ থেকে এসব অর্থ আসে। ব্যাংকই নির্ধারিত কর কেটে রাখে।"
জনপ্রিয় অভিনেত্রী ববিতা প্রায় ৯ লাখ টাকা কর দিয়ে প্রায় ৩৬ লাখ টাকা অঘোষিত অর্থ সাদা করেছেন। এ বছরে তারকাদের দেয় করের পরিমান তুলনামূলকভাবে কম।
অথচ ২০০৫-'০৬ অর্থবছরে প্রায় ৩১ লাখ টাকা কর দিয়ে ৩ কোটি টাকা বৈধ করেছিলেন রূপালি পর্দার নায়ক মান্না। একই বছর এ সুযোগ নেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শাবনূর। তিনি ২০০৫-'০৬ অর্থবছরে প্রায় ২ কোটি টাকা বৈধ করেছিলেন।
তারকাদের কর নির্ধারনের উপায় হিসেবে কর অঞ্চল ৪ এর একজন ঊর্ধ্বতন কর কর্মকর্তা জানান, বিভিন্ন প্রযোজক সমিতি, এফডিসি, চিত্র ও নাট্যপরিচালক এবং সংবাদ মাধ্যম থেকে তথ্য সংগ্রহ করে একেক জন তারকার বার্ষিক আয়ের অঙ্ক নির্ধারণ করা হচ্ছে। এর ভিত্তিতেই তৈরি হচ্ছে তালিকা। যারা নিয়মিত আয়কর দেন না এবং যাদের কাছে বড় অঙ্কের অঘোষিত অর্থ রয়েছে তারাই রয়েছেন এ তালিকায়।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসবিটি/এমআইআর/১৫১৪ ঘ
bdnews24