আগস্ট ৫ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- সঞ্জয়ের জন্য বড় ধরনের একটা আয়োজন করতে চাচ্ছিলেন তার বলিউডের তারকা বন্ধুরা। প্রিয়া দত্তের অনুরোধে সে উদ্যোগ বাদ দেয়া হয়েছে। খবর ভারতীয় ওয়েবসাইটের।
সঞ্জয়ের রায় ঘোষণার পরপরই পুরো বলিউড থমকে গেছে। তার মুক্তির লক্ষ্যে কিছু করার জন্য সকলেই একমত ছিলেন। মোবাইল কল আর মেসেজ চালাচালি করে এ ব্যাপারে একটা প্রচারণা অভিযানেরও উদ্যোগ নেয়া হয়। শাহরুখ খান ও সুনীল শেঠী এ ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করেন।
বিষয়টি সম্পর্কে জানার পর সঞ্জয়ের বোন প্রিয়া দত্ত ফোন করে উদ্যোক্তাদের এ ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য বলেন। ফলে ওই প্রচারণার কাজ আপাতত বন্ধ রয়েছে।
একটি সূত্র জানায়, "প্রিয়া দত্ত ফোন করে অভিনেতাদের বলেন যে সঞ্জয়ের জন্য তারা যে কার্যক্রম হাতে নিয়েছে তা যেন আপাতত বন্ধ রাখেন। তার ধারণা, এতে করে সঞ্জয়ের মামলার ক্ষেত্রে জটিলতা দেখা দিতে পারে। প্রিয়ার বক্তব্য শোনার পর সুনীল শেঠী ও বান্টি ওয়ালিয়া তাদের পুরো পরিকল্পান বাতিল করেছেন।"
এর আগে শাহরুখ খান ও সুনীল শেঠী বিশাল এক প্রচারণা কার্যক্রম হাতে নেন যেখানে বলিউডের সবাই এবং বিভিন্ন ইউনিয়নের পক্ষ থেকে একযোগে সঞ্জয়ের মুক্তির দাবি করার সিদ্ধান্ত নেয়া হয়।
ওই সূত্র জানান, "স্থানীয় একটি হোটেলে সবাই জড়ো হয়েছিলেন এই লক্ষ্যে। সেখানে সবাই ওই প্রচারণার ব্যাপারে একমত হন।"
এদিকে শাহরুখ সঞ্জয়ের মুক্তির জন্য জনমত তৈরির লক্ষে একটা ওয়েবাসইট তৈরির পরিকল্পনা করছেন।
ওই পরিকল্পনার ব্যাপারে জিজ্ঞেস করা হলে সঞ্জয়ের বন্ধু বান্টি ওয়ালিয়া বলেন, "হ্যা আমরা পরিকল্পান করেছিলাম যে সোমবারে আমরা প্রচারণায় নামবো। কিন্তু আপাতত তা আর হচ্ছে না।"
কেন কার নির্দেশে ওই কর্মসূচী বাতিল করলেন সে ব্যাপারে অবশ্য বান্টি কিছু বলেন নি।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমআইআর/এমআইআর/১৭২৪ ঘ
bdnews24