আগস্ট ৪ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- ইয়েরওয়াড়া জেলে সঞ্জয়ের পরিচয় এখন কয়েদী নম্বর সি ১৫১৭০ হিসেবে। ১৯৯৩ সালের মুম্বাই বোমা হামলা মামলার রায়ে ৬ বছরের কারাবাসের সময়টা এ নম্বরেই পরিচিত হবেন তিনি জেল কর্তৃপক্ষের কাছে। খবর ভারতীয় ওয়েবসাইটের।
জেলের একটি সূত্র জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় জেলের পোশাক পরে রাত কাটিয়েছেন তিনি। সকালে যোগ দিয়েছেন সমবেত প্রার্থনায়।
দত্ত নিজের পছন্দমতো একটি সেলে যাওয়ার জন্য আবেদন করেছেন বলে যে খবর বেরিয়েছে সে সম্পর্কে ইন্সপেক্টর জেনারেল (প্রিজন) সতীশ মাথুর বলেন, "এরকম কিছু আমি শুনিনি। সে এখন জেলের অন্য সব কয়েদীদের মতোই। এখানে জেলের নিয়ম অনুযায়ীই সব কিছু শাসিত হয়।"
৪৮ বছরের বলিউড অভিনতো ডিম্বাকৃতি একটি সেলে ঠাঁই পেয়েছেন যেখানে উচ্চমাত্রার নিরাপত্তা দরকার হয়ে এমন কয়েদীদের রাখা হয়।
এদিকে কারাগারে সঞ্জয় দত্ত কী ধরনের কায়িক শ্রম করতে পারবেন তার একটা পরীক্ষা নেয়া হবে শিগগিরই। এর ভিত্তিতেই নির্ধারিত হবে তার কাজের ধরন। এ ব্যপারে তার নিজের কোন পছন্দ আছে কিনা সেটাও জানতে চাইবে কারা কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার রাতে মুম্বাইয়ের আর্থার রোড জেল থেকে পুনের ইয়েরওয়াড়া জেলে স্থানান্তরিত করা হয় এই অভিনেতাকে। স্থানান্তরের কারণ মুম্বাইয়ের ওই জেলে কেবলমাত্র বিচারাধীন কয়েদীদের রাখা হয়। সশ্রম কারাবাসের কোন ব্যবস্থা সেখানে নেই। ইয়েরওয়াড়া জেলে তাকে আনার আরেকটি কারণ সঞ্জয়ের নিরাপত্তা নিশ্চিত করা।
শুক্রবার কারা কর্তৃপক্ষ জানিয়েছেন, যেসব কাজের মধ্য থেকে তাকে যে কোন একটি বেছে নিতে বলবেন সেগুলি হলো কাপড় বয়ন, ইস্ত্রি করা, রুটি সেঁকা, মুদ্রণের কাজ, কাঠমিস্ত্রির কাজ, রং করা, রান্না।
কারা সূত্র জানায়, "সাধারণত আমরা কয়েদীদের পছন্দ করে নিতে বলি যে কোন কাজ এবং কাজটা তাকে দেওয়ার আগে সেই কাজে তার দক্ষতা আছে কিনা সেটাও বোঝার চেষ্টা করি।"
মঙ্গলবার মুম্বাইয়ের টাডা কোর্ট সঞ্জয় দত্তের ৬ বছরের সশ্রম কারাদন্ড ঘোষনা করে।
ইয়েরওয়াাড়া জেলখানায় কয়েদীদের তৈরি পণ্য বিক্রি করে ভাল রাজস্ব আয় হয়। এই জেলের সর্বাধিক বিক্রিত পণ্যের মধ্যে রয়েছে চেয়ার, সুতি চাদর ও চামড়ার চপ্পল।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমআইআর/১৫০৮ ঘ
bdnews24