আগস্ট ০২ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- গ্রামের দুই বখাটে যুবক। চুরি আর ফটকাবাজির কারনে গ্রাম থেকে বিতাড়িত। শহরে এসে আশ্রয় নেয় তারা। নিত্যনতুন কৌশলের মাধ্যমে ফাঁদ পাতে প্রতারনার। এক সময় পেয়ে যায় রাজনৈতিক আশ্রয়ও। গড়ে তোলে অপরাধী চক্র। ধীরে ধীরে হয়ে ওঠে অগাধ ক্ষমতা ও বিত্তের অধিকারী। এভাবে আমাদের এই চলতি জীবনের চালচিত্রকে ব্যঙ্গ করেই নির্মিত হয়েছে মেগাসিরিয়াল '৪২০' এর কাহিনী।
সিরিয়ালটির রচিয়তা ও নির্মাতা ফারুকী নিজেই।
মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় ১০২ পর্বের এ মেগাসিরিয়ালের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তিশা, মোশাররফ করিম, মারজুক রাসেল, লুৎফর রহমান জর্জ, সোহেল খান, কচি খন্দকার, রিফাত চৌধুরীসহ অনেকে।
ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে নির্মিত হয়েছে নাটকটি।
আশা করা হচ্ছে এ মাসের শেষ নাগাদ চ্যানেল আইতে প্রচার শুরু হবে মেগাসিরিয়ালটির।
মেগাসিরিয়ালটি সম্পর্কে মোস্তফা সরয়ার ফারুকী বললেন, "ডারউইনের বিবর্তন সূত্র কাজে লাগিয়ে আমি নির্মান করেছি সিরিয়ালটি। দূর্নীতির ভয়াল অক্টোপাসগুলোর চেহারা আজ উন্মোচিত হচ্ছে। হঠাৎ করেই কেউ রাঘব বোয়াল হয়নি। প্রথমে ছোটখাট অপরাধ- দূর্নীতি, তারপর আরেকটু বড়, অতঃপর আরো বড় ------- এভাবেই বিবর্তিত হয়েছে দূর্নীতি আর অপরাধপ্রবনতা। এই ক্রমবিবর্তনের চিত্র প্রতীকীভাবে হাস্যরসের মাধ্যমে তুলে ধরা হয়েছে এই কাহিনীতে। বরাবরের মতন আশা করছি এবারও আমার নির্মানশৈলীতে বৈচিত্র্য খুঁজে পাবে দর্শক।"
এর আগে চ্যানেল আইতে প্রচারিত ফারুকীর মেগাসিরিয়াল '৫১ বর্তী' আর '৬৯' ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। বর্তমানে চ্যানেল আইতে '৫১ বর্তী' সিরিয়ালটি শনিবার-বৃহস্পতিবার পূনঃপ্রচারিত হচ্ছে।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসবিটি/এমআইআর/ ১৮০৭ ঘ.
bdnews24