আগস্ট ০২ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- ক্লোজআপ ওয়ান তারকা রন্টির জন্য প্রথমবারের মতন তিনটি গানে সুর করলেন ফাহমিদা নবী। রন্টির প্রথম একক অ্যালবামের জন্য করা এ গান তিনটি আমেরিকা যাওয়ার আগে রন্টিকে তুলে দিয়েছেন ফাহমিদা নবী। আমেরিকা থেকে ফেরার পর গানগুলোতে রন্টি কণ্ঠ দেবে বলে জানালেন তিনি। তবে গানগুলোর মিউজিক ট্র্যাক এখনো তৈরি হয়নি। গানগুলোর মিউজিক কে করবে তা নির্ভর করছে গানচিলের ওপর।
ফাহমিদা নবী জানান, "আমি এর আগে কখনো কারো জন্য সুর করিনি। এটাই আমার প্রথম সুরের কাজ। স্বাভাবিকভাবেই আমি চাইছি, গানগুলোর মিউজিক ভালো হোক।"
রন্টি সম্পর্কে ক্লোজআপ ওয়ানের দ্বিতীয় আয়োজনের বিচারক ফাহমিদা নবী বলেন, "রন্টি খুবই ভালো গায়। যদি ঠিকমত তাকে গাইড করা যায় তবে ভবিষ্যতে রন্টি অনেক বড় মাপের শিল্পী হতে পারবে। ওর মধ্যে সেই সামর্থ্য রয়েছে। আমি আগে-ভাগে রন্টিকে সুর তুলে দিয়েছি যাতে প্র্যাকটিস করার জন্য সে পর্যাপ্ত সময় পায়। কারণ আমি চাই না রন্টি যেনতেনভাবে গানগুলো গাক। তাকে অবশ্যই সঠিকভাবে গাইতে হবে এবং আমি যা চাইছি তা দিতে পারতে হবে। যা ভালভাবে প্র্যাকটিস না করলে সম্ভব নয়।"
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসবিটি/এমআইআর/ ১৮০৫ ঘ.
bdnews24