আগস্ট ০১ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- সঞ্জয় দত্তের ৬ বছর জেল এবং ২৫ হাজার রূপি জরিমানা ধার্য হওয়ার খবরটা নতুন কিছু নয়। পুরোনো হয়ে গেলেও এই খবরটাই এখন গোটা ভারতের আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাড়িয়েছে।
এ ঘটনায় সঞ্জয়ের পরিবারসহ বলিউডের অভিনেতা, অভিনেত্রী, পরিচালক, প্রযোজক ও কলাকুশলী সবাই মর্মাহত। তাদের কেউই সঞ্জয়ের শাস্তি মেনে নিতে পারেননি। বিভিন্ন সংবাদ মাধ্যম তাদের নানান মন্তব্যে মুখরিত।
সঞ্জয়ের ৬ বছরের জেল মেনে নিতে পারছে না তার ১৮ বছর বয়সের মেয়ে ত্রিশালা। বাবার এই শাস্তির ঘটনায় সে হতবাক এবং মানসিকভাবে ভেঙ্গে পড়েছে। বাবাকে একজন সৎ মানুষ হিসেবে জানে সে। আগামী ১০ আগষ্ট ত্রিশালার জন্মদিন। তার একটাই জিজ্ঞাসা জন্মদিনে সে তার বাবাকে পাশে পাবে কিনা।
মঙ্গলবার সঞ্জয়ের আত্মীয়স্বজনরা আর্থার রোডের জেলে তার সাথে দেখা করতে এসেছিলেন। তাদের মধ্যে ছিলেন সঞ্জয়ের বড় বোন ও ভারতের পার্লামেন্টের এমপি প্রিয়া ও আরেক বোন নমরিতা এবং ভগ্নিপতি ওয়েন রঙ্কন ও কুমার গৌরব। জেলে ঢোকার সময় প্রিয়া তার উদ্দেশে বলেন, "ভাইয়া, শক্ত হও।"
বলিউড অভিনেত্রী সায়েরা বানু বলেন, "এটা কোন বিচার হলো! আমরা সবাই খুব হতাশ।"
অভিনেত্রী কিরণ খের বলেন, "আমি খুবই মর্মাহত। সে ইতিমধ্যে যথেষ্ট শাস্তি ভোগ করেছে, যা যথেষ্ট ছিলো।"
প্রযোজক -- পরিচালক মহেশ ভাট বলেন, "আমি না বলে পারছি না যে, এটা ন্যায় বিচার হয়নি আর ছয় বছর খুব বেশী সময়।"
অভিনেতা অনুপম খের বলেন, "এই ঘটনায় আমি খুবই কষ্ট পেয়েছি , তাই আমি কিছু বলতে পারবো না।"
পরিচালক সুভাস ঘাই বলেন, "আমরা এখনো দোয়া করছি ঈশ্বর তার প্রতি সদয় হোন। সে ইতিমধ্যেই যথেস্ট শাস্তি পেয়েছে।"
পরিচালক কুনাল কোহলি বলেন, "যদিও আমি তার সাথে কোন সিনেমাতে কাজ করিনি এবং আমি তার সেরকম বন্ধুও নই কিন্তু এই ঘটনা আমাকে আঘাত করেছে।"
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এবি/এসএন/১০০৩ ঘ.
bdnews24