জুলাই ৩১ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- ভারতের সুপারস্টার সঞ্জয় দত্তকে ৬ বছর কারাবাসের শাস্তি দিয়েছে মুম্বাইয়ের একটি আদালত। অবৈধ অস্ত্র রাখার দায়ে তার এই শাস্তি ঘোষণা করেন বিচারক প্রমোদ কোড়ে। একই সঙ্গে তার ২৫ হাজার রুপি জরিমানাও ধার্য় করা হয়। ১৯৯৩ সালে মুম্বাইয়ের বোমা হামলার সঙ্গে জড়িত অপরাধীদের কাছ থেকে তিনি ওই কালাশনিকভ অস্ত্রটি পান। ভারতের স্মরণকালের সবচেয়ে ভয়াবহ ওই বোমা হামলায় ২৫৭ জন প্রাণ হারায়। খবর ভারতের একাধিক সংবাদ সংস্থার।
৪৮ বছর বয়স্ক সঞ্জয় দত্ত ওই বোমা হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগ থেকে অব্যহতি পেয়েছিলেন। কিন্তু অবৈধভাবে একটি স্বয়ংক্রিয় রাইফেল ও একটি পিস্তল রাখার দায় তিনি এড়াতে পারলেন না।
সঞ্জয় জামিনের আবেদন করলেও তা নাকচ হয়ে যায়। আদালত থেকে সরাসরি হাজতে নিয়ে যাওয়া হয় তাকে। দত্ত আরো কিছুদিন জেলের বাইরে থাকার অনুমতি প্রার্থনা করেন। তিনি তার কন্যার সঙ্গে দেখা করারও অনুমতি চান আদালতের কাছে।
দত্তের আইনজীবী জানিয়েছে এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে তারা আপিল করবেন।
সঞ্জয় দত্তের এই শাস্তি ঘোষণায় মুষড়ে পরেছে তার বলিউডের সতীর্থ, ভক্ত ও বিশেষ করে প্রযোজকরা। অনেক ছবির কাজ অসমাপ্ত রেখেই তাকে জেলে যেতে হচ্ছে। বিভিন্ন ছবিতে প্রায় ২০০ কোটি টাকা বিনিয়োগ হয়ে আছে তার পিছনে।
সঞ্জয়ের প্রবেশনের আবেদন নাকচ করে দিলেও আদালত একই মামলার আসামী সঞ্জয়ের বন্ধু রুশি মুল্লাকে প্রবেশন অফ অফেন্ডারস অ্যাক্ট এর আওতায় ১ লাখ রুপি জামানত রেখে ছেড়ে দেন। তাকে ১ বছর পর্যবেক্ষনে রাখা হবে। এই ১ বছর তিনি মুম্বাই ছেড়ে যেতে পারবেন না।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমআইআর/১৫১৬ ঘ
bdnews24