২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্গম্যান আর নেই

বিশ্বখ্যাত চলচ্চিত্রকার ইঙ্গমার বার্গম্যান আর নেই। সোমবার ৮৯ বছর বয়সে তিনি সুইডেনে নিজ বাসগৃহে মারা যান। খবর একাধিক বার্তা সংস্থার। বার্গম্যানের কন্যা ইভা বার্গম্যান সুইডিশ বার্তা সংস্থা টিটিকে জানান, স্বশিক্ষিত এই চলচ্চিত্র নির্মাতা ও চিত্রনাট্যকার বাল্টিক সমুদ্রের ফারো দ্বীপে নিজ বাসগৃহে শান্তিতে মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2007, 07:08 AM

Updated : 26 Aug 2022, 08:23 PM

জুলাই ৩১ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- বিশ্বখ্যাত চলচ্চিত্রকার ইঙ্গমার বার্গম্যান আর নেই। সোমবার ৮৯ বছর বয়সে তিনি সুইডেনে নিজ বাসগৃহে মারা যান। খবর একাধিক বার্তা সংস্থার। বার্গম্যানের কন্যা ইভা বার্গম্যান সুইডিশ বার্তা সংস্থা টিটিকে জানান, স্বশিক্ষিত এই চলচ্চিত্র নির্মাতা ও চিত্রনাট্যকার বাল্টিক সমুদ্রের ফারো দ্বীপে নিজ বাসগৃহে শান্তিতে মারা গেছেন। একাধিক চলচ্চিত্রের লোকেশন হিসেবে ব্যবহার করার পর এই দ্বীপেই বার্গম্যান স্থায়ীভাবে বসবাস শুরু করেন। বার্গম্যানের চলচ্চিত্র বিশ্বের অসংখ্য দর্শককে উদ্দীপ্ত করেছে, প্রভাবিত করেছে অনেক চলচ্চিত্র নির্মাতাকে। আধুনিক চলচ্চিত্রের অন্যতম মাস্টার হিসেবে বিবেচনা করা হয় তাকে। তার বিখ্যাত ছবিগুলোর মধ্যে আছে 'ওয়াইল্ড স্ট্রবেরিজ', 'সেভেন্থ সিল', 'সিন ফ্রম আ ম্যারিজ' ও 'ফ্যানি অ্যান্ড আলেকজান্ডার', 'ক্রাইজ অ্যান্ড হুইসপার'। সারা জীবনে তিনি ৫৪টি চলচ্চিত্র ছাড়াও ১২৩টি মঞ্চ প্রযোজনা ও ৩৮টি রেডিও নাটক করেছেন। নিঃসঙ্গতা, জীবনের অর্থ খুঁজে ফেরা, আদর্শের সংকট এসবই ঘুরে ফিরে চিত্রায়িত হয়েছে তার ছবিতে। তার ছবিতে দাম্পত্য জীবনের অনেক জটিলতাও ফুটে উঠেছে। অনেকে মনে করেন শৈশবে বাবার হাতে নির্যাতনের স্মৃতিই তার মনোজগতে বিরাট বদল ঘটিয়ে দিয়েছিল যা তার চলচ্চিত্রকেও পরে প্রভাবিত করে। বার্গম্যান ৫ বার বিয়ে করেন, তার সন্তান সন্ততির সংখ্যা ৮। ১৯৬০ সাল থেকে ১৯৮৪ সাল পর্যন্ত ৯ বার অস্কার মনোনয়ন পেয়েছেন তিনি। তার তিনটি ছবি বিদেশী ভাষার সেরা ছবি হিসেবে ৩ বার অস্কার জয় করে। নিজের ছবি সম্পর্কে বার্গম্যান একবার বলেছিলেন, আমার ছবি সবসময়ই আমার চিন্তাভাবনা, আবেগ, উৎকণ্ঠা, স্বপ্ন আর আকাঙ্খার অংশবিশেষ। কখনো এগুলো উঠে আসে অতীত থেকে, কখনো তা চলমান জীবন থেকেই তৈরি হয়।" দি ইঙ্গমার বার্গম্যান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট অ্যাস্ট্রিড সোদারবার্গ উইডিং বলেন, "তাঁর মৃত্যু সুইডেনের জন্য অপূরণীয় ক্ষতি, কিন্তু তার চেয়েও বেশি ক্ষতি আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনের।" ব্রিটিশ চলচ্চিত্রকার কেন রাসেল বলেন, " সম্ভবত বার্গম্যানই বিশ্বের শ্রেষ্ঠতম চলচ্চিত্রকার।" রাসেল জানান বিষন্ন চিত্রের এই চলচ্চিত্রকার তার নিজের ছবি দেখতেন না পারতপক্ষে। সেগুলো তাকে অশ্র"সজল করে তুলতো। প্রায় ৫০টি চলচ্চিত্রে দুর্দশার এতো বিচিত্র রুপ তিনি ফুটিয়ে তুলেছেন যা এক অতুলনীয় অর্জন। ১৯৮৮ সালে তার ৭০ তম জন্মদিন উপলক্ষে বিখ্যাত চলচ্চিত্রকার উডি অ্যালেন বার্গম্যান সম্পর্কে বলেন, " চলচ্চিত্রের ক্যামেরা আবিষ্কারের পর থেকে এ যাবৎকালের মধ্যে সবদিক বিবেচনায় সবচেয়ে মহত্তম চলচ্চিত্রকার সম্ভবত বার্গম্যান।" বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমআইআর/১২৫৭ ঘ