জুলাই ৩০ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- পরিবারভিত্তিক ধারাবাহিক কাহিনী খানিকটা ম্যাড়ম্যাড়ে হয়ে পড়ায় অনেক নির্মাতা ঝুঁকে পরেছেন বিচিত্র প্লটের নাটক তৈরির দিকে। যথা, মেসের কাহিনী, অফিসের গল্প ইত্যাদি। বিষয় বদলাতে এবার আরেকটা বাঁক নিলেন নাট্যকার ও নির্মাতা অরুণ চৌধুরী। একটি হোটেলকে কেন্দ্র করে তিনি তৈরি করছেন ২৬ পর্বের ধারাবাহিক নাটক। নাম 'হোটেল হলিডে'।
হোটেলে হলিডেতে আগত মানুষজনের বিচিত্র চিন্তাভাবনা ও তাদের কার্যক্রমই দেখানো হয়েছে নাটকটিতে।
টেকনাফে অবস্থিত হোটেলটিতে প্রতিদিনই আসে শ' খানেক মানুষ। তাদের একেক জনের চিন্তা একেক রকম। কেউ এ হোটেলে আসে হানিমুনে। কেউ বা আসে খুনের মামলার ফেরারি আসামি হয়ে। আবার কেউ বা আসে নিতান্তই ছুটি কাটাতে। এ রকম ভিন্ন ভিন্ন মানুষের একেক রকম কাজ নিয়ে গড়ে উঠেছে নাটকটির কাহিনী।
তারকাবহুল নাটকটিকে অভিনয় করেছেন সুবর্ণা মুস্তফা, তারিন, অপূর্ব, সুইটি, বন্যা মির্জাসহ আরো অনেকে।
'হোটেল হলিডে' সম্পর্কে পরিচালক অরুণ চৌধুরী বললেন, " নাটকটির ৯০ ভাগ শুটিং হয়েছে টেকনাফের বিভিন্ন মনোরম লোকেশনসহ একটি হোটেলে। আর বাকি ১০ ভাগের শুটিং হয়েছে ঢাকার রাজেন্দ্রপুর, পূবাইল ও ময়মনসিংহের গারো পাহাড়ে। কাহিনী ও দৃশ্য বৈচিত্রের জন্য এ নাটক দর্শকদের ভালো লাগবে বলে আশা করি।"
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসবিটি/এমআইআর/১৭০০ ঘ
bdnews24