জুলাই ২৭ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- হুমায়ূন আহমেদের পরিচালনায় 'কুহক' নাটকে সর্বশেষ একসঙ্গে অভিনয় করেছিলেন আলী ও সারা যাকের দম্পতি। সেটা প্রায় ৫ বছর আগের কথা। বিনোদন ভুবনের এই উজ্জ্বল তারকা দম্পতি ৫ বছর পর আবার একসঙ্গে কাজ করছেন ২৬ পর্বের একটি ধারাবাহিক নাটকে। নাটকেও দম্পতি হিসেবেই অভিনয় করবেন তারা। নাটকের নাম 'ঝড়'।
আগামী মাস থেকেই ঢাকার বিভিন্ন লোকেশনে নাটকটির কাজ শুরু হবে ।
নাটকটি রচনা করেছেন মুহম্মদ জাফর ইকবাল এবং পরিচালনা করবেন গোলাম সোহরাব দোদুল।
এ ব্যাপারে নাটকটির নির্মাতা দোদুল বলেন, তাদের দীর্ঘদিনের বিরতির কথা চিন্তা করেই দর্শকদের এক ধরনের চমক দিতে এই প্রচেষ্টা।
এ বিষয়ে অভিনেত্রী সারা যাকের বলেন, "দুজনই আমরা নিজেদের কাজ নিয়ে ব্যস্ত থাকি। যার কারণে একসঙ্গে কাজ করা হয়নি। কিন্তু এভাবে যে ৫ বছর পার হয়ে গেছে এটা আগে জানা ছিল না। ....আমরা দুজন আবার একসঙ্গে কাজ করবো এটা তো ভালো লাগার মতোই বিষয়।"
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসবিটি/এমআইআর/২০০১ ঘ.
bdnews24