ঢাকা, জুলাই ২৪ ( বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- আরো একটি ডেইলি সোপের শুটিং শুরু হয়েছে সোমবার। 'মহানগর' নামের এ নাটকের শুটিং করতে পুরান ঢাকার গেন্ডারিয়ার তিনটি বাড়িতে তারকা শিল্পীদের মেলা বসেছে যেন।
ফেরদৌস হাসানের উপন্যাস 'যেখানে নদী আছে' অবলম্বনে এর নাট্যরূপ দিয়েছেন লেখক নিজেই। পরিচালনার জন্য সঙ্গে নিয়েছেন আরেক তরুণ নির্মাতা সাজ্জাদ সুমনকে।
এ নাটকে অভিনয় করছেন একঝাঁক তারকাশিল্পী। তারা হলেন খায়রুল আলম সবুজ, আফরোজা বানু, অপূর্ব, সুমাইয়া শিমু, শাকিবা, শারমিন শিলা, বিজরী, লুৎফর রহমান জর্জ, তানভীর হোসেন প্রবাল, সাজু মুনতাসির, আলিফ এবং নোভাসহ আরও অনেকে।
আগামী ১৯ আগস্ট শুরু হয়ে প্রতি রোববার থেকে বৃহস্পতিবার রাত সোয়া ৮টায় বাংলাভিশনে প্রচারিত হবে নাটকটি।
নতুন এই ডেইলি সোপ সম্পর্কে ফেরদৌস হাসান বলেন, "আমার আরো একটি ডেইলি সোপ আরটিভিতে চলছে। এ মুহূর্তে নতুন কাজ করা আমার জন্য সত্যিই কষ্টকর। কিন্তু প্রযোজক আমার উপন্যাসটি পছন্দ করে অনুরোধ করলো। তাই আর না করতে পারিনি।"
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসবিটি/এমডিকে/২২১২ ঘ.
bdnews24