জুলাই ২৩ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- ক্লোজআপ ওয়ান তারকা সালমার প্রথম অ্যালবাম 'বন্ধু আইয়ো আইয়ো' বাজারে এসেছে। অ্যালবামে রয়েছে মোট ১০টি গান। প্রযোজনায় রয়েছে গানচিল।
অ্যালবামটির ৩ টি গান লালন সাঁইয়ের। বাকী ৭টি গান লিখেছেন আব্দুল করিম, আব্দুল হামিদ, দূরবীন শাহ, প্লাবন কোরাইশী, লুৎফর হাসান ও এম এন আখতার। ফকির শাহবুদ্দিনের সংগ্রহ ১টি।
কয়েকটি গানের শিরোনাম এরকম : বন্ধু আইয়ো আইয়ো, যে নামে, কত দামে, কইতর তুমি, মানুষ দিয়া, তোমার বাড়ি, কইলজার ভিতর, আছেন কোথায়, হাত বান্দিব প্রভৃতি।
অ্যালবামটির সঙ্গীত পরিচালনা করেছেন ইবরার টিপু।
অ্যালবাম সম্পর্কে গানচিলের অন্যতম কর্ণধার কন্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ বললেন, "সালমার প্রথম অ্যালবাম হলেও সে খুব ভাল গেয়েছে। এ অ্যালবামে চট্রগ্রামের আঞ্চলিক ভাষার গান রয়েছে যা সে খুব ভাল গেয়েছে। আমি তার গান শুনে রীতিমত মুগ্ধ। সালমা যদি লেগে থাকে তবে এক সময় সে ভাল করবে, আমার বিশ্বাস। "
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসবিটি/এমআইআর/১৭৫৯ ঘ
bdnews24